নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই আন্তর্জাতিক আসরেই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন নাহিদা আক্তার।
অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দলে রয়েছেন দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সোবাহানা মোস্তারি, শারমিন সুলতানা ও স্বর্ণা আক্তার। অলরাউন্ডার হিসেবে দলে আছেন ঋতু মনি, ফাহিমা খাতুন ও রাবেয়া খান। বোলিং বিভাগে রয়েছেন মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
আগামী ২৮ আগস্ট দুবাইয়ে শুরু হবে নারী এশিয়া কাপ। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আট দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। অন্য গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।
বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে ৩১ আগস্ট। রাত সাড়ে ৮টায় ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানার দল। এরপর ৬ সেপ্টেম্বর একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
এশিয়া কাপের পর বাংলাদেশের মেয়েদের সামনে থাকবে এশিয়ান গেমসের চ্যালেঞ্জ। আগামী ১৭ সেপ্টেম্বর নারী ক্রিকেট ইভেন্ট শুরু হবে জাপানের আইচি-নাগোয়ায়। বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিযোগিতায় নামবে। ১৭ সেপ্টেম্বর করোগি অ্যাথলেটিক পার্কে চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ভারত ও জাপানের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে তারা।
এশিয়ান গেমসের ক্রিকেটে পদকের লড়াইয়ের শেষ ধাপের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। ওই দিনই নির্ধারিত হবে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের ভাগ্য। ফলে এশিয়া কাপের পরপরই আরেকটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সোবাহানা মোস্তারি, শারমিন সুলতানা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।



