২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। কেপটাউনে ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি।
আগামী বছরের ২ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর, নামিবিয়ার উইন্ডহুকে ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা। একই ভেন্যুতে ১৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর সোয়ানে, প্রতিপক্ষ বাছাইপর্বের ‘বি’ দল।
১৪ দলের বিশ্বকাপের মূল পর্বে এরই মধ্যে ১০ দলের জায়গা নিশ্চিত হয়েছে। তিন স্বাগতিকের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি গ্রুপ পর্বে খেলবে। অন্য স্বাগতিক নামিবিয়াকে অবশ্য বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও খেলতে হবে বাছাইপর্ব। সেখান থেকে চারটি দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।
বিশ্বকাপের এবারের ফরম্যাটেও থাকছে ভিন্নতা। মূল পর্বের আগে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের তিন কোয়ালিফাই করা দলকে নিয়ে হবে ‘সুপার সিরিজ’। তিন দলের লিগে শীর্ষ দল সরাসরি গ্রুপ পর্বে জায়গা করে নেবে। বাকি দুটি দল বিদায় নেবে।
এরপর ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য পাঁচ দলের বিপক্ষে খেলবে। অর্থাৎ দুই গ্রুপ মিলিয়ে হবে ৩০টি ম্যাচ।
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব থেকে আসা একটি দল। অন্য গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও বাছাইপর্বের ‘এ’ দল।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয় দল সুপার সেভেন পর্বে উঠবে। এর সঙ্গে দুই গ্রুপের চতুর্থ দলের মধ্যে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দলটি সপ্তম দল হিসেবে জায়গা পাবে। ফলে গ্রুপে চতুর্থ হয়েও পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ থাকবে।
সুপার সেভেনে সাত দল একে অপরের বিপক্ষে খেলবে। রাউন্ড রবিন পদ্ধতিতে এই পর্বে মোট ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। সেখানে প্রথম দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে, আর দ্বিতীয় দল মুখোমুখি হবে তৃতীয় দলের।
সেমিফাইনালের দুই বিজয়ী দল খেলবে বিশ্বকাপের ফাইনালে। ২১ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
গ্রুপ ‘এ’: আফগানিস্তান, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও কোয়ালিফায়ার ‘বি’।



