শুরুটা হয়েছে বড় ধাক্কায়। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের ব্যবধানে হেরে বসেছে বাংলাদেশ। যে পরাজয়ে শুধু পয়েন্ট হারানো নয়, ফাইনালে ওঠার সমীকরণও কঠিন হয়ে পড়েছে। তবে টুর্নামেন্টে বাংলাদেশের সামনে এখনো দরজা বন্ধ হয়ে যায়নি। বরং ঘুরে দাঁড়ানোর প্রথম সুযোগ আফগানিস্তানের বিপক্ষেই। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের জন্য স্বস্তির খবর হয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
অসুস্থতার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি এই অলরাউন্ডার। তার অনুপস্থিতি দলের ভারসাম্যেও প্রভাব ফেলেছে। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই কার্যকর ভূমিকা রাখতে পারেন মিরাজ। ফলে আফগানিস্তানের বিপক্ষে তাঁর প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য বাড়তি শক্তি হয়ে উঠতে পারে।
আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটির গুরুত্ব বিবেচনায় মিরাজের ফেরার খবর স্বাভাবিকভাবেই স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। যদিও অসুস্থতা কাটিয়ে ফিরলেও তাকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চান না প্রধান কোচ ফিল সিমন্স। তার পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করেই মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।
মিরাজের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সিমন্স বলেন, ‘হ্যাঁ, মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। সে গত কিছুদিন সংগ্রাম করছিল। আজ এবং আগামীকাল আরও বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। আশাকরি পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’
মিরাজকে ফিরে পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের জন্য বিশেষ স্বস্তির। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ব্যাটিং-বোলিংয়ের দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। ৫০ ওভারের ম্যাচে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ৯৯ রানের পরাজয়ে নেট রানরেটেও বড় ধাক্কা খেয়েছে টাইগাররা।
তবে মিরাজের ফেরাকে শুধু একজন ক্রিকেটারের প্রত্যাবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। দলের ভারসাম্য ফেরানোর ক্ষেত্রেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে মাঝের সারিতে রান করার পাশাপাশি অফ স্পিনে প্রতিপক্ষের রানের গতি আটকে দিতে পারেন তিনি। বিশেষ করে আফগানিস্তানের মতো স্পিননির্ভর দলের বিপক্ষে মিরাজের অভিজ্ঞতা কাজে লাগতে পারে।
এদিকে সিমন্সের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা রাখা। বড় পরাজয়ের পর ড্রেসিংরুমে হতাশা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে কোচের দাবি, সেই ধাক্কা কাটিয়ে ইতিবাচকভাবেই প্রস্তুতি নিচ্ছে দল।
দলের প্রস্তুতি ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সিমন্স বলেন, ‘ছেলেদের মধ্যে এখনও এনার্জি আছে। আজ সকালেও মিটিং হলো। কী ভালো হলো, কী ভালো হলো না- এসব নিয়ে কথা হয়েছে। আমরা জানি, এখন আমাদের কী করতে হবে। আমরা ভালো খেলছিলাম।’
তিনি আরও বলেন, ‘এটা ছিল এমন এক দিন যেদিন কিছুই পক্ষে যায়নি। জানি, এখান থেকে কীভাবে কামব্যাক করতে হয়। আমরা ভালো প্রস্তুতি নিয়ে পরের ম্যাচে দিকে তাকিয়ে আছি।’
আগামী ২১ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর আবুধাবিতে।



