আগামী ২১ আগস্ট অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দলের পাশাপাশি খেলবে নেপাল জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ দল এবং বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি, তবে দল প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। দীর্ঘদিন পর বিসিবির কোনো প্রোগ্রামে ফিরছেন সাব্বির রহমান। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মাঠে নামার প্রস্তুতি হিসেবে তিনি ইতোমধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছেন। জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারের জন্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ নিজেকে নতুন করে প্রমাণ করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
দলে সাব্বিরের পাশাপাশি থাকছেন শামীম পাটোয়ারী, হাবিবুর রহমান সোহান, জিসান আলম ও রিপন মন্ডলের মতো তরুণ ক্রিকেটাররা। এছাড়া অভিজ্ঞদের মধ্যে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির রাব্বি ও আবু হায়দার রনি। তবে এবারও দলে জায়গা হয়নি যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলির। ফলে এইচপি ও ‘এ’ দলের কোনো কার্যক্রমেই আপাতত দেখা যাচ্ছে না তাকে।
টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের যাত্রা শুরু হবে ২২ আগস্ট। ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিটে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দলটি। পরদিন একই ভেন্যুতে দুপুর ১টা ৩০ মিনিটে হোবার্ট হ্যারিকেন্সের মুখোমুখি হবে তারা।
এরপর ২৪ আগস্ট ডিএক্সসি মাঠে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে সকাল ১১টায় মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। ২৫ আগস্ট একই ভেন্যুতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে প্রতিপক্ষ হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষা ধরা হচ্ছে ২৭ আগস্টের ম্যাচটিকে। সেদিন ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ আগস্ট, একই মাঠে একই সময়ে স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।



