ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে টেস্ট জয়। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই র্যাঙ্কিংয়েও বড় পুরস্কার পেল পাকিস্তান। সর্বশেষ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে একসঙ্গে উঠে এসেছে বাবর আজম, আবদুল্লাহ শফিক ও সাজিদ খানের নাম। তবে সবচেয়ে আলোচনায় বাবরের প্রত্যাবর্তন-প্রায় দুই বছর পর আবারও টেস্ট ব্যাটসম্যানদের সেরা দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের এই তারকা।
পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। দেশের বাইরে তিন বছরের বেশি সময় পর পাওয়া এই জয়টিতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাবরের। প্রথম ইনিংসে ৮৮ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি। সেই পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেছে র্যাঙ্কিংয়েও। পাঁচ ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছেন বাবর।
সেরা দশে বাবরের এই প্রত্যাবর্তনের আলাদা গুরুত্ব আছে। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ দশের বাইরে চলে গিয়েছিলেন তিনি। অথচ একসময় এই তালিকায় তাঁর অবস্থান ছিল আরও ওপরে। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ চলাকালে ক্যারিয়ারসেরা দ্বিতীয় স্থানে উঠেছিলেন পাকিস্তানি ব্যাটার। দীর্ঘ পথ পেরিয়ে এবার আবারও শীর্ষ দশে ফিরলেন তিনি।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং সাফল্যের সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন আবদুল্লাহ শফিক। প্রথম ইনিংসে অপরাজিত ১৬০ রানের ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন তিনি। দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ২৪ রান করেন এই ব্যাটার। ফল হিসেবে র্যাঙ্কিংয়ে এসেছে বড় লাফ—২৫ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে গেছেন শফিক।
বল হাতে পাকিস্তানের সেরা পারফরমার ছিলেন সাজিদ খান। ওয়েস্ট ইন্ডিজের দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেন এই অফ স্পিনার। পাঁচ ধাপ উন্নতি করে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন তিনি। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও প্রথম ইনিংসে মূল্যবান ৩০ রান করায় টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও পাঁচ ধাপ এগিয়েছেন সাজিদ। সেখানে তার অবস্থান এখন ৩২তম।
পাকিস্তানের তিন ক্রিকেটারের উত্থানের পাশাপাশি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলো অবশ্য অপরিবর্তিত রয়েছে। ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের তালিকার শীর্ষেও রয়েছেন ভারতের পেসার। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
টেস্টের বাইরে ওয়ানডে র্যাঙ্কিংয়েও সাম্প্রতিক পারফরম্যান্সের ছাপ পড়েছে। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের চলমান সিরিজে আলো ছড়িয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। তৃতীয় ওয়ানডেতে ৭১ রানের ইনিংস খেলে তিন ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১১ নম্বরে উঠেছেন আফগান ওপেনার। একই তালিকায় আফগানিস্তানের হাশমতউল্লাহ শাহিদি চার ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠেছেন।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে অবশ্য নিজের আধিপত্য আরও বাড়িয়েছেন রশিদ খান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নিয়েছেন আফগান লেগ স্পিনার। ফলে শীর্ষস্থান শুধু ধরে রাখেননি, দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদের সঙ্গে ব্যবধানও বাড়িয়েছেন। রশিদের রেটিং এখন ৬৭৫, আবরারের চেয়ে ৩৮ পয়েন্ট বেশি।
আয়ারল্যান্ডের পেসার মার্ক অ্যাডায়ারও ওয়ানডে বোলারদের তালিকায় ফিরেছেন। তাঁর অবস্থান এখন ১৭তম। অলরাউন্ডারদের তালিকায় আয়ারল্যান্ডের কার্টিস ক্যামফারও ৫৯তম স্থানে ফিরে এসেছেন।



