বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের সঙ্গে থাকছেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। নতুন বিদেশি ব্যাটিং কোচ নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার মধ্যে কোচিং প্যানেলে এই পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরেই ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং নিয়ে ভুগছে বাংলাদেশ। ঘরের মাঠে কিছু সিরিজে ভালো করলেও দেশের বাইরে ব্যাটারদের পারফরম্যান্স আশানুরূপ নয়। দুইশর বেশি রান তাড়া করতে গিয়ে হোঁচট খাচ্ছে দল। আবার আগে ব্যাটিং করতে নেমেও দুইশ থেকে আড়াইশ রান তুলতে সংগ্রাম করতে হচ্ছে। অন্যদিকে প্রতিপক্ষ দলগুলো নিয়মিত তিনশ কিংবা চারশ রানের বড় সংগ্রহ গড়ছে এবং তা তাড়া করেও জিতছে।
২০২৫ সালের আয়ারল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন আশরাফুল। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর এবার তাকে সেই পদ থেকে সরিয়ে দিল বিসিবি। তবে বোর্ডের সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগপর্যন্ত বিসিবির অন্য কোনো বিভাগে দায়িত্ব পালন করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে আশরাফুল জানিয়েছেন, জাতীয় দলের সঙ্গে আর থাকছেন না তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে আর থাকছি না। যেহেতু ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে তাই ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানিয়েছে অন্য বিভাগে দায়িত্ব দেবে। কোথায় দেওয়া হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও।’
দেশের ক্রিকেটে পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন এবার সামলাবেন জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব। ২০২৪ সালের নভেম্বরে তাকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে জাতীয় দলের সঙ্গে তার নতুন দায়িত্বের যাত্রা শুরু হয়। সে সময় জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে মিলেই ব্যাটিং-সংক্রান্ত দায়িত্ব সামলেছেন সালাউদ্দিন।
সম্প্রতি সালাউদ্দিনকে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচের দায়িত্বও দেওয়া হয়েছে। এবার নতুন বিদেশি ব্যাটিং কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং বিভাগও সামলাতে হবে তাঁকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে কোচিং প্যানেলে এই পরিবর্তন আনা হয়েছে। আগামী বুধবার শুরু হওয়ার কথা প্রথম টেস্টের। ম্যাচ সামনে রেখে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা।
এদিকে পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগের জন্যও আলোচনা চালাচ্ছে বিসিবি। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা এবং শ্রীলঙ্কার সাবেক এক ক্রিকেটার। তাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ থাকায় বোর্ডের অন্য কোনো দায়িত্বে দেখা যেতে পারে আশরাফুলকে। অন্যদিকে, নতুন বিদেশি কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত সালাউদ্দিনের কাঁধেই থাকছে জাতীয় দলের ব্যাটিং বিভাগকে সামলে নেওয়ার দায়িত্ব।



