আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও জাবেদ ওমর বেলিমসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজনের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ আয়োজন। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে। তিনি আরও বলেন, ‘৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ হামজা চৌধুরীরা যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।’ ৪৯৫টি উপজেলায় স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’
টুর্নামেন্টের সূচি সম্পর্কে কবির আহমেদ ভূঁইয়া জানান, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। আর ফাইনাল আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। ফাইনাল উপলক্ষে আয়োজিত গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলেও জানান তিনি।
এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ বলেন, অনেক পরিশ্রমের পর এই আয়োজনের দিন এসেছে। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্ট আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ জন্য বিসিবিকে ধন্যবাদ জানান তিনি।
টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট ম্যানেজারের সঙ্গে আয়োজকেরা নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান নির্জন মোশাররফ। পাশাপাশি আন্তর্জাতিক মানের সম্প্রচার নিশ্চিত করতে একটি ওটিটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘বাংলাদেশিদের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের শক্তিশালী বন্ধন। ক্রিকেটের মাধ্যমে হাজার মাইল দূরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং তাঁদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।’
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি ৩০টি দেশের অংশগ্রহণে এমন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। টুর্নামেন্টটি ধারাবাহিকভাবে আয়োজনের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম বলেন, ৩০টি দেশকে নিয়ে এমন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।
সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, ‘প্রবাসীদের রেমিট্যান্সের ওপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। জুলাই আন্দোলনেও আমরা তাদের অবদান দেখেছি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা এই আয়োজনের সাথে অবশ্যই থাকবো।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের জান্নাতুল সুমনা, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন ও বেলাল উদ্দিন তুহিন, ক্রীড়া সংগঠক মাসুম ভূঁইয়া, ক্রীড়াবিদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক রিমন ইসলাম এবং পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনসহ অনেকে।
আয়োজকদের তথ্যমতে, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭-এ অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাব অংশ নেবে।



