বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবার প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে কর্ণালি ইয়াকসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
আকবরকে দলে নেওয়ার খবরটি সরাসরি ঘোষণা না করে অভিনবভাবে প্রকাশ করেছে কর্ণালি ইয়াকস। সামাজিক যোগাযোগমাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি পোস্ট করে আকবরের সঙ্গে চুক্তির বিষয়টি জানায় ফ্র্যাঞ্চাইজিটি। ছবির মাধ্যমে মূলত বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের দিকেই ইঙ্গিত করা হয়।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৮৬ ম্যাচ খেলেছেন আকবর। এসব ম্যাচে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ১ হাজার ১৮০ রান। এবারই প্রথম দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন তিনি।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা এনে দেন আকবর আলির নেতৃত্বাধীন দল। সেই আসরের ফাইনালে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।
এবার নেপাল প্রিমিয়ার লিগে আকবরের পাশাপাশি বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও খেলবেন। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।
আট দল নিয়ে আগামী ১৭ নভেম্বর শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। টুর্নামেন্ট চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কাঠমান্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সব ম্যাচ।



