আবুধাবিতে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের বড় পরাজয় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে নতুন হিসাব খুলে দিয়েছে। সেদিকুল্লাহ আতালের দুর্দান্ত সেঞ্চুরি আর রশিদ খানের ঘূর্ণিতে ১৫৮ রানের জয় পেয়েছে আফগানিস্তান। বিপরীতে মাত্র ১৩৬ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। আর তাতেই ফাইনালে ওঠার আশা টিকে আছে বাংলাদেশের। তবে সেই আশাকে বাস্তবে রূপ দিতে বুধবার আফগানিস্তানের বিপক্ষে শুধু জয় পেলেই চলবে না, মেলাতে হবে নেট রান রেটের কঠিন সমীকরণও।
আফগানিস্তানের দেওয়া ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৩৬ রানেই থেমে যায় তাদের ইনিংস। বিশেষ করে শেষ পাঁচ উইকেট হারাতে তাদের লেগেছে মাত্র ৫.২ ওভার, রান যোগ হয়েছে মাত্র ৩৫। আফগান অধিনায়ক রশিদ খান ১৭ রান খরচায় নিয়েছেন চার উইকেট। ব্যাট হাতে ম্যাচের নায়ক সেদিকুল্লাহ আতাল। ১১০ বলে ১০২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।
এই জয়ে আফগানিস্তানের ফাইনালের পথ আরও উজ্জ্বল হয়েছে। অন্যদিকে, জিম্বাবুয়ের পরাজয় বাংলাদেশের সামনে সুযোগ তৈরি করলেও সেই সুযোগ কাজে লাগাতে হলে শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের বিকল্প থাকছে না বললেই চলে।
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছিল বাংলাদেশ। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট হয়ে যায় দল। সেই পরাজয়ে বাংলাদেশের নেট রান রেট নেমে আসে -১.৯৮০-এ। বিপরীতে জিম্বাবুয়ের নেট রান রেট -০.৫৯০। ব্যবধানটা এতটাই বড় যে পয়েন্টের হিসাবের পাশাপাশি রান রেটেও এগিয়ে যেতে হবে বাংলাদেশকে।
আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের টিকিট পেতে হলে আগে ব্যাট করে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে। এমন জয়েই জিম্বাবুয়েকে নেট রান রেটে পেছনে ফেলার সুযোগ তৈরি হবে।
তবে টসের পর ব্যাটিংয়ের ক্রম বদলে গেলে হিসাবও পাল্টে যাবে। আফগানিস্তান আগে ব্যাট করে ২৫০ রান তুললে বাংলাদেশকে জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে। অর্থাৎ, রান তাড়ায় শুধু লক্ষ্য ছোঁয়াই যথেষ্ট হবে না; নির্ধারিত সময়ের আগেই ম্যাচ শেষ করতে হবে। লক্ষ্য ২০০ রান হলে ৪০.২ ওভার, ২২০ হলে ৪০.৫ ওভার এবং ২৪০ হলে ৪১.১ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে।
লক্ষ্য আরও বড় হলে সময়সীমাও বদলাবে। ২৬০ রান তাড়া করতে হবে ৪১.৪ ওভারে, ২৭০ রান ৪১.৫ ওভারে, ২৮০ রান ৪২ ওভারে এবং ৩০০ রান হলে ৪২.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে। ফলে ব্যাটিংয়ের ক্রম, আফগানিস্তানের সংগ্রহ এবং বাংলাদেশের রান তোলার গতি-সবকিছুই হয়ে উঠবে গুরুত্বপূর্ণ।
আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের লড়াইটা ছিল ফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ। কিন্তু ১৫৮ রানের পরাজয়ে সেই পথ কঠিন হয়ে গেছে তাদের জন্য। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র হিসাব অনুযায়ী, আফগানিস্তানের ২৯৪ রানের জবাবে জিম্বাবুয়ে ১৯৬ রান করতে পারলেই ফাইনালে ওঠার সুযোগ পেত। কিন্তু ১৩৬ রানে থেমে যাওয়ায় বাংলাদেশের সামনে হিসাব পাল্টানোর অবকাশ তৈরি হয়েছে।
তবে সুযোগ তৈরি হওয়া আর তা কাজে লাগানো এক বিষয় নয়। প্রথম ম্যাচের বড় পরাজয়ের কারণে বাংলাদেশকে এখন অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়া কিংবা রান তাড়ায় দ্রুত লক্ষ্য ছোঁয়ার পাশাপাশি বোলারদেরও প্রতিপক্ষকে নিয়ন্ত্রিত রাখতে হবে।
তিন দলের এই প্রতিযোগিতায় লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ তাই কেবল আরেকটি জয়-পরাজয়ের লড়াই নয়; এটি ফাইনালে ওঠার শেষ সুযোগও। কাগজে-কলমে পথ খোলা আছে, কিন্তু সেই পথে এগোতে হলে বাংলাদেশকে জয় পেতে হবে হিসাব মেলানো ব্যবধানে।



