এশিয়ান গেমসে নারী ক্রিকেটের পর্দা উঠছে ১৭ সেপ্টেম্বর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ চীন। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের। তবে ম্যাচের ফলের ওপরই যে বাংলাদেশের শেষ চারে ওঠা নির্ভর করছে, তা নয়। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সেমিফাইনালে উঠে যেতে পারে বাংলাদেশ।
নাগোয়াতে এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে বৃষ্টি। সেপ্টেম্বর জাপানে বছরের অন্যতম বৃষ্টিবহুল সময়, আর নাগোয়া এ সময়ে বৃষ্টির প্রবণতার দিক থেকে আরও এগিয়ে। বৃষ্টির কারণে বুধবারও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। ফিটনেস ট্রেনিংয়ের পর ফুটবল মাঠেই অনুশীলন সারতে হয়েছে ক্রিকেটারদের।
বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে চীনের বিপক্ষে ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আবহাওয়ার বাধা এলেও ম্যাচ আয়োজনের শেষ চেষ্টা থাকবে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব না হলে আম্পায়াররা সুপার ওভারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তির চেষ্টা করবেন। সেটিও সম্ভব না হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।
শক্তির বিচারে চীনের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। বর্তমান নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম, চীন রয়েছে ৩৭ নম্বরে। ফলে কাগজে-কলমে বাংলাদেশের জন্য ম্যাচটি স্বস্তির হলেও বৃষ্টির কারণে ক্রিকেটীয় লড়াইয়ের সুযোগ না পাওয়ার সম্ভাবনাই এখন আলোচনায়।
তবে কোয়ার্টার ফাইনাল পেরোলেই বাংলাদেশের সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। ফাইনালের পথে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ফলে চীনের বিপক্ষে ম্যাচটি মাঠে হোক কিংবা বৃষ্টির কারণে ফল নির্ধারিত হোক, বাংলাদেশের আসল চ্যালেঞ্জ শুরু হতে পারে সেমিফাইনাল থেকেই।
শেষ দিনের অনুশীলন শেষে প্রথম ম্যাচ সামনে রেখে সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মোস্তারি। বিসিবির প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘এশিয়ান গেমসের আগে আজ প্রথম অনুশীলন করেছি। কাল চীনের সঙ্গে আমাদের ম্যাচ। আমা করি একটা পদক নিয়ে যেতে পারব। এর আগে আমরা একটা পদক পেয়েছিলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’



