কেনিয়ায় অনুষ্ঠেয় সুপার নাইন্টি ক্রিকেট লিগে দল পেয়েছেন বাংলাদেশের একঝাঁক সাবেক জাতীয় দলের ক্রিকেটার। এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েসসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকাকে। এর মধ্যে সাকিব খেলবেন লন্ডন জায়ান্টসে। অন্যদিকে মাহমুদউল্লাহর সঙ্গে একই দলে জায়গা পেয়েছেন সাব্বির ও ইমরুল।
আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কেনিয়ার রাজধানী নাইরোবির জিমখানা মাঠে অনুষ্ঠিত হবে এবারের সুপার নাইন্টি লিগ। ১০ দিনের এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ হবে ৯০ বলের। ছয়টি দল নিয়ে আয়োজন করা হবে এবারের আসর।
সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে লন্ডন জায়ান্টস। এই দলে বাংলাদেশের আরও দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন। অন্যদিকে এলডরেট টাইগার্সের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও ইমরুল কায়েস। এই দলটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের একসময়ের আলোচিত পেসার শহিদুল ইসলামও।
বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের পাশাপাশি এবারের আসরে থাকছে ছয়টি দলের প্রতিদ্বন্দ্বিতা। লন্ডন জায়ান্টস ও এলডরেট টাইগার্স ছাড়াও টুর্নামেন্টে খেলবে নাইরোবি লায়ন্স, পাঞ্জাব টাইটানস, মেরু থান্ডার্স ও দিল্লি রয়্যালস।
২০২৩ সালে যাত্রা শুরু হয় সুপার নাইন্টি ক্রিকেট লিগের। প্রচলিত টি-টোয়েন্টি ক্রিকেটের ২০ ওভারের পরিবর্তে এই প্রতিযোগিতায় প্রতি ইনিংসে খেলা হয় ৯০ বল, ১৫ ওভার। টুর্নামেন্টের প্রথম আসর বসেছিল ভারতের গাজিয়াবাদে। সেবার শিরোপা জেতে গোয়াহাটি এভেঞ্জার্স।
২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় রাজস্থান কিংস। এরপর ২০২৫ সালে ভারতের রায়পুরে অনুষ্ঠিত আসরে শিরোপা জেতে ছত্তিসগড় ওয়ারিয়র্স। এবার প্রথমবারের মতো কেনিয়ার নাইরোবিতে বসতে যাচ্ছে এই প্রতিযোগিতার আসর। এতে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের অংশগ্রহণ টুর্নামেন্টে বাড়তি আগ্রহ তৈরি করেছে।



