২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টের কাঠামোয় বড় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সরাসরি মূল পর্বে জায়গা পাওয়ার পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে ‘সুপার সিরিজ’ নামের একটি ধাপ, যা বিশ্বকাপে অংশ নেওয়া শেষ দল নির্ধারণ করবে। ফলে বাছাইপর্বে খেললেই আর সরাসরি বিশ্বকাপে ওঠা নিশ্চিত হবে না।
নতুন কাঠামো অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপে শুরুতে সরাসরি জায়গা পাবে ১০টি দল। এর মধ্যে থাকবে দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি দলগুলোর অবস্থান নির্ধারিত হবে নির্দিষ্ট সময়ের আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। এরপর বাছাইপর্ব থেকে চ্যাম্পিয়ন দল হবে বিশ্বকাপের ১১তম দল। তবে বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলোর জন্য সুযোগ শেষ হয়ে যাবে না। এই তিন দলকে নিয়ে হবে ‘সুপার সিরিজ’, যেখানে শীর্ষে থাকা দলটি মূল পর্বে ১২তম এবং শেষ দল হিসেবে জায়গা করে নেবে।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০২৭ সালের শুরুতে অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপ বাছাইপর্ব। আগের মতো এবারও সেখানে অংশ নেবে ১০টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের লড়াই শেষে প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। সেখানকার ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে বাছাইপর্বের চ্যাম্পিয়ন এবং সুপার সিরিজে খেলার তিনটি দল।
মূল বিশ্বকাপের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। আগে ১৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল পর্বে খেলবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল এবং পরবর্তী সেরা একটি দল মিলে গঠন করবে সাত দলের ‘সুপার সেভেন’। এই পর্ব শেষে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।
বিশ্বকাপে সরাসরি কারা জায়গা পাচ্ছে, সেটি চূড়ান্ত হবে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। যেহেতু আয়োজক দক্ষিণ আফ্রিকা বর্তমানে শীর্ষ দশের মধ্যে রয়েছে, তাই র্যাঙ্কিংয়ের প্রথম নয়টি দল সরাসরি টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আয়োজক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলবে জিম্বাবুয়ে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি নজর থাকছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দিকে। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৮৩ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৭৫ রেটিং নিয়ে দশম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী কয়েক মাসের পারফরম্যান্সই নির্ধারণ করতে পারে কোন দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে, আর কাকে যেতে হবে বাছাইপর্বের কঠিন পরীক্ষায়।










Discussion about this post