পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ আসরে অংশ নিতে বাংলাদেশের ক্রিকেটারদের যাত্রা শেষ হয়েছে। এবার সর্বোচ্চ ছয়জন বাংলাদেশি ক্রিকেটার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেয়েছেন, যা দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। গতকাল চারজন ক্রিকেটার পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেও বাকি ছিলেন তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন।
আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ফ্লাইটে এই দুই ক্রিকেটারও পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ও রিশাদ। রিশাদের সঙ্গে ছবি পোস্ট করে তামিম লেখেন, ‘এখন পিএসএলে অংশ নেওয়ার সময়।’ প্রায় একই ধরনের ছবি পোস্ট করে রিশাদ নিজের অনুভূতি প্রকাশ করেন, ‘রাওয়ালপিন্ডিকে সঙ্গে নিয়ে পিএসএল ২০২৬-এর পথে—এই আসরে ঝড় তুলতে চলেছি!’
এবারের আসরে রিশাদ হোসেন খেলবেন পিন্ডিজের হয়ে, যারা এই প্রথমবারের মতো পিএসএলে অংশ নিতে যাচ্ছে। নিলাম থেকে এই লেগস্পিনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে তানজিদ হাসান তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলামে দল না পেলেও পরবর্তীতে সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে নেয় জালমি, ফলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বশেষ দল পাওয়া খেলোয়াড় হন তিনি।
সম্প্রতি নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই সিরিজে তামিম ছিলেন দুর্দান্ত ফর্মে; একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করে মোট ১৭৫ রান করেন তিনি। এই পারফরম্যান্সের জন্য সতীর্থ নাহিদ রানার সঙ্গে যৌথভাবে সিরিজসেরা নির্বাচিত হন। সিরিজ চলাকালীন ধারাভাষ্যের সময় সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা তামিমকে পিএসএলে দেখতে চাওয়ার কথা বলেছিলেন, আর সিরিজ শেষ হওয়ার পরই তাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি।
বাংলাদেশের হয়ে এবার পিএসএলে অংশ নিচ্ছেন আরও চার ক্রিকেটার-মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। তাদের মধ্যে সবার আগে দল পান মুস্তাফিজুর রহমান; লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে তাকে দলে নেয়। একই ফ্র্যাঞ্চাইজি পরে নিলাম থেকে পারভেজ হোসেন ইমনকেও দলে ভেড়ায়। নাহিদ রানা ও শরীফুল ইসলাম খেলবেন পেশোয়ার জালমির হয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ছয় ক্রিকেটারকে ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র দিয়েছে। নির্ধারিত সময় শেষে তাদের দেশে ফিরতে হবে, কারণ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল।










Discussion about this post