মাঠের লড়াইয়ে অনুপস্থিত, তবু বিশ্বমঞ্চে নিশ্চিত-রাজনৈতিক কারণে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও র্যাংকিংয়ের জোরে ২০২৮ সালের আসরে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। রাজনৈতিক পরিস্থিতির কারণে দলকে বাইরে থাকতে হলেও ভবিষ্যৎ আসর নিয়ে স্বস্তির খবর এসেছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে, র্যাংকিংয়ের ভিত্তিতে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ।
আইসিসির নির্ধারিত নিয়ম অনুযায়ী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল পরবর্তী আসরে সরাসরি জায়গা পাবে। সেই আট দল হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এর সঙ্গে যোগ হবে স্বাগতিক দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যদিও অস্ট্রেলিয়া এবার সুপার এইটে জায়গা করে নিতে পারেনি, আয়োজক হওয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত।
এইভাবে মোট নয়টি দল নিশ্চিত হওয়ার পর বাকি তিনটি স্থান নির্ধারিত হয়েছে আন্তর্জাতিক র্যাংকিং অনুযায়ী। বর্তমান অবস্থানে শীর্ষ নয় দলের বাইরে এগিয়ে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। বিশ্বকাপের ফাইনালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নির্ধারিত না থাকায় র্যাংকিংয়ে পরিবর্তনের সুযোগও নেই। ফলে র্যাংকিংয়ের ভিত্তিতেই সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়ে যাচ্ছে বাংলাদেশ।
চলমান আসরে না খেলায় আশঙ্কা তৈরি হয়েছিল, র্যাংকিংয়ে পিছিয়ে পড়লে সরাসরি খেলার সুযোগ নাও মিলতে পারে। তবে সেই শঙ্কা দূর হয়েছে। সাম্প্রতিক ফলাফলে অবস্থান অটুট থাকায় বাংলাদেশের পথ পরিষ্কার হয়েছে।
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০ দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। এর মধ্যে ১২ দল সরাসরি অংশ নেবে, আর বাকি ৮ দল বাছাইপর্ব পেরিয়ে সুযোগ পাবে।










Discussion about this post