আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটি এক বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত ঘোষণা করা হয়। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, মাঝেমধ্যে খেলা শুরুর সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত টসও করা সম্ভব হয়নি। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ অফিসিয়ালরা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন। ফলে নিয়ম অনুযায়ী দুই দলই এক পয়েন্ট করে পায়, আর সেই এক পয়েন্টেই সুপার এইট নিশ্চিত করে জিম্বাবুয়ে। একই সঙ্গে বিদায় ঘণ্টা বেজে যায় অস্ট্রেলিয়ার।
সমীকরণটা ছিল জটিল কিন্তু স্পষ্ট। আয়ারল্যান্ড জিতলে তবেই টিকে থাকত নিজেদের ও অস্ট্রেলিয়ার আশা। সেক্ষেত্রে জিম্বাবুয়ের সামনে থাকত শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর চ্যালেঞ্জ।
কিন্তু বৃষ্টির কারণে কোনো ফল না হওয়ায় আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় চার ম্যাচে ৩ পয়েন্টে, যা তাদের বিদায় নিশ্চিত করে। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াও ছিটকে যায় গ্রুপ পর্ব থেকেই। ২০০৯ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ধাপেই থামতে হলো অজিদের।
এর আগের দিনই শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল নিজেদের জায়গা পাকাপোক্ত করে নেয়। পাতুম নিশাঙ্কার ঝলমলে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পায় লঙ্কানরা। ফলে একটি ম্যাচ হাতে রেখেই তারা সুপার এইটে জায়গা নিশ্চিত করে। গ্রুপে জিম্বাবুয়ের সংগ্রহ এখন ৫ পয়েন্ট, একটি ম্যাচ এখনো বাকি।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ শ্রীলঙ্কার কাছে হারের পরই স্বীকার করেছিলেন, দলের ভাগ্য আর নিজেদের হাতে নেই। হতাশ ড্রেসিংরুমের কথা জানিয়ে বলেছিলেন, তারা নিজেদের সেরা খেলাটা খেলতে পারেননি। শেষ পর্যন্ত সেই আক্ষেপই সত্যি হয়ে দাঁড়াল।
জিম্বাবুয়ের জন্য এটি তাৎপর্যপূর্ণ সাফল্য। গত বিশ্বকাপে বাছাইপর্ব পেরোতে না পারলেও এবার বাছাইয়ে ছিল অপরাজিত। মূল পর্বেও ছন্দ ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো প্রথম রাউন্ড অতিক্রম করল তারা। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ, তবে তার আগেই নিশ্চিত হয়ে গেছে সুপার এইটের টিকিট।
‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে এগিয়ে যাওয়ায় সুপার এইটের সাতটি দল এখন নির্ধারিত। ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড আগেই জায়গা করে নিয়েছে।










Discussion about this post