জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছিল চট্টগ্রাম কিংস। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে শেখ মেহেদি হাসানের দল।
এই ম্যাচেও ঢাকার ব্যাটিং ব্যর্থতা চোখে পড়েছে শুরু থেকেই। টুর্নামেন্টের শুরুতে যে টপ অর্ডার সমস্যায় ভুগছে ঢাকা, এদিনও তার কোনো ব্যতিক্রম হয়নি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার পূর্ণ করার আগেই ১৯.৪ ওভারে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় তারা।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ঢাকা। সাইফ হাসান মাত্র ১ রান করে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। জুবাইদ আকবরও ব্যর্থ হন, ১২ বলে মাত্র ২ রান করেন। এরপর উসমান খান কিছুটা চেষ্টা করলেও ১৫ বলে ২১ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক ও উইকেটকিপার মোহাম্মদ মিঠুন ১২ বলে করেন মাত্র ৮ রান। শামীম হোসেন ও নাসির হোসেনও ইনিংস টেনে নিতে ব্যর্থ হন। চরম চাপের মধ্যে একমাত্র লড়াই করেন সাইফউদ্দিন, যিনি ২৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। তার সেই ইনিংসের ওপর ভর করেই কোনোমতে ১২২ রান পর্যন্ত পৌঁছায় ঢাকা।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রামের ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রোসিংটন শুরু থেকেই ঢাকার বোলারদের ওপর চড়াও হন। দুই ওপেনারের দৃঢ় ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে ঢাকার বোলাররা কোনো উইকেটেরই দেখা পাননি। মাত্র ১২.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বন্দর নগরীর দলটি।
নাঈম শেখ ৪০ বলে ৫৪ রান করেন, আর অ্যাডাম রোসিংটন অপরাজিত থাকেন ৩৬ বলে ৬০ রানে। এই জুটির দাপুটে পারফরম্যান্সে ম্যাচটি পরিণত হয় একেবারে একতরফায়।
এই হারে ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ জয়ের পর টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল। অন্যদিকে রংপুরের বিপক্ষে হারের পর এই জয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেল চট্টগ্রাম কিংস।










Discussion about this post