রাঁচিতে বুধবার যেন ব্যাটিংয়ের সব সংজ্ঞাই নতুন করে লেখা হলো। বিজয় হাজারে ট্রফির প্লেট লিগের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহার এমন এক ইনিংস খেলল, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন। বৈভব সূর্যবংশী ও অধিনায়ক সাকিবুল গনির নেতৃত্বে বিহার ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান তুলে পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে।
দিনের শুরুতেই রাঁচির গ্যালারি কাঁপান বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সী বাঁহাতি এই ব্যাটার খেলেন ৮৪ বলে ১৯০ রানের বিস্ফোরক ইনিংস। ১৬টি চার ও ১৫টি ছক্কায় সাজানো এই ইনিংসেই তিনি গড়েন একাধিক রেকর্ড। ৩৬ বলে সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের কীর্তি গড়েন বৈভব। এরপর ৫৯ বলে দেড়শ’ পূর্ণ করে ভেঙে দেন এবি ডি ভিলিয়ার্সের দশ বছর পুরোনো দ্রুততম ১৫০ রানের রেকর্ড। সেই সঙ্গে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবেও নিজের নাম লেখান তিনি।
তবে বৈভবের রেকর্ডও বেশি সময় টেকেনি। ইনিংসের মাঝপথে ব্যাট হাতে ঝড় তোলেন বিহারের অধিনায়ক সাকিবুল গনি। উইকেটরক্ষক এই ব্যাটার মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো ভারতীয় ক্রিকেটারের দ্রুততম শতকের নতুন মানদণ্ড স্থাপন করেন। ৪০ বলে ১০টি চার ও ১২টি ছক্কায় ১২৮ রান করে অপরাজিত থাকেন তিনি। বৈভবের ঝড়ের পর সাকিবের ব্যাটিং যেন টর্নেডোর রূপ নেয়।
এই রেকর্ডবন্যার দিনে সেঞ্চুরির তালিকায় নাম লেখান আরেক উইকেটরক্ষক ব্যাটার আয়ুশ লোহারুকাও। তিনি ৫৬ বলে ১১৬ রান করেন, ইনিংসে ছিল ১১টি চার ও ৮টি ছক্কা। এর ফলে বিজয় হাজারে ট্রফির ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে তিনটি সেঞ্চুরির ঘটনা ঘটল।
বিহারের ৫৭৪ রান লিস্ট ‘এ’ ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে এই রেকর্ড ছিল তামিলনাডুর দখলে, যারা ২০২২–২৩ মৌসুমে অরুণাচল প্রদেশের বিপক্ষেই ৫০৬ রান করেছিল। এই ম্যাচেই বিহার ৩৮টি ছক্কা হাঁকিয়ে পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়ে।
একই দিনে ভারতের অন্য ভেন্যুতেও রেকর্ডের ধারা অব্যাহত থাকে। আহমেদাবাদে কর্ণাটকের বিপক্ষে ইশান কিষাণ ৩৩ বলে সেঞ্চুরি করেন। ফলে পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের চারটি দ্রুততম শতকের মধ্যে তিনটিই আসে একই দিনে, একই টুর্নামেন্টে।
সিনিয়র পর্যায়ে বৈভব সূর্যবংশীর এটি চতুর্থ সেঞ্চুরি। আগের তিনটি করেছিলেন টি–টোয়েন্টি ক্রিকেটে। ১৫ বছর বয়স হওয়ার আগেই লিস্ট ‘এ’ ও টি–টোয়েন্টি—দুই সংস্করণেই শতক করা প্রথম ক্রিকেটারও এখন তিনি।










Discussion about this post