আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে দলের প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং লক্ষ্য নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার বক্তব্যে বারবার উঠে এসেছে একটি বিষয়-প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, বাংলাদেশ নিজেদের ক্রিকেট খেলেই সাফল্য পেতে চায়।
দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। তাই স্বাভাবিকভাবেই এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। তবে প্রতিপক্ষের শক্তিমত্তার চেয়ে নিজের দলের বর্তমান অবস্থান নিয়েই বেশি আশাবাদী তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে মিরাজ বলেন, ‘চেষ্টা করব সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলতে। আমি অনেক আত্মবিশ্বাসী (দল নিয়ে), সবাই ভালো ফর্মে আছে এবং ব্যাটার-বোলাররা খুব ভালো টাচে আছে, ডিপিএলেও খুব ভালো খেলেছে সবাই। আমাদের জন্য এটা একটা বিরাট সুযোগ…যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সঙ্গে অনেক বছর পরে সিরিজ খেলছে, আর আমাদের যেহেতু ঘরের মাঠ সুযোগটা আমরা নিতে পারলে খুবই ভালো হবে।’
তার এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে দলের সাম্প্রতিক পারফরম্যান্স। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকজন খেলোয়াড়ের ভালো ছন্দে থাকা এবং ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ইতিবাচক অবস্থানকে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।
অস্ট্রেলিয়া দল সফরে এলেও তাদের স্কোয়াডে নেই ট্রাভিস হেড ও মিচেল মার্শ। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতিকে অনেকে বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা হিসেবে দেখছেন। কিন্তু মিরাজের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি প্রতিপক্ষের অনুপস্থিত খেলোয়াড় নিয়ে ভাবতে চান না, বরং মাঠে নামা দলটিকেই গুরুত্ব দিচ্ছেন।
আজ মিরপুরে এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘মিরাজ আমরা এর আগেই শুনেছিলাম দুজনের না আসার বিষয়টা, কিন্তু কালকে নিশ্চিত হয়েছি। তবুও আমরা দল হিসেবে চিন্তা করছি। ওরা যে দলটা এসেছে, অবশ্যই ওরা অনেক ভালো দল এবং অনেক শক্তিশালী। আমরা আমাদের ভূমিকা পালনের চেষ্টা করব। ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব।’
অর্থাৎ অস্ট্রেলিয়ার সম্ভাব্য দুর্বলতার দিকে নজর না দিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগী বাংলাদেশ অধিনায়ক। তার বিশ্বাস, নিজেদের সেরাটা খেলতে পারলে প্রতিপক্ষ যে-ই হোক, প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব।
সিরিজে বাংলাদেশের লক্ষ্য কী-এই প্রশ্নের জবাবে মিরাজ কোনো দীর্ঘ ব্যাখ্যায় যাননি। খুব সংক্ষিপ্ত অথচ দৃঢ় কণ্ঠেই জানিয়েছেন দলের উদ্দেশ্য, ‘আমাদের একটাই প্ল্যান, ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে।’
সংবাদ সম্মেলনে উঠে আসে পেস বোলিং কোচ শন টেইটের বিদায়ের প্রসঙ্গও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর ঠিক আগে দায়িত্ব ছাড়েন টেইট। তবে বিষয়টি নিয়ে হতাশার বদলে সম্ভাবনার দিকটিই দেখছেন মিরাজ।
তিনি বলেন, ‘ও শেষ মুহূর্তে বলেছে। এটা ক্রিকেট বোর্ড ডিসকাশন করে তার সঙ্গে কথা বলেছে। আমার কাছে মনে হয়, লোকাল যে কোচেরা আছে তাদের জন্য একটা বিরাট সুযোগ এবং আমার কাছে মনে হয় লোকাল যারাই আছে, তারাও অনেক যোগ্যতাসম্পন্ন এবং তারা যদি সুযোগটা নিতে পারে, তাদের জন্য অনেক ভালো।’









Discussion about this post