আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে শামীম হোসেন পাটোয়ারীর বাদ পড়া ঘিরে যে বিতর্ক দানা বেঁধেছিল, তা আরও তীব্র হয় যখন অধিনায়ক লিটন দাস জানান-এই সিদ্ধান্তের বিষয়ে তাকেও কিছু জানানো হয়নি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটনের সেই মন্তব্য ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, যিনি পরে লিটনের মন্তব্যের কঠোর প্রতিক্রিয়াও দেন।
এত উত্তেজনার মাঝেই পরিস্থিতির মোড় ঘুরে আবারও জাতীয় দলে ফিরলেন শামীম পাটোয়ারী। আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজ নির্ধারণী তৃতীয় টি–টোয়েন্টির জন্য ঘোষিত দলে রাখা হয়েছে এই ব্যাটারকে। যদিও পারফরম্যান্সের বিচারে শামীম মোটেও স্বস্তিদায়ক সময় পার করছেন না। ৩৮ ইনিংসে ১৮.৬৭ গড় ও ১২৩.৭১ স্ট্রাইক রেটে তার রান ৫৭৯। বল হাতে পেয়েছেন মাত্র দুই উইকেট। সাম্প্রতিক পাঁচ ম্যাচে তার ব্যাটে এসেছে কেবল ৩৫ রান-এর মধ্যে দুবার আউট হয়েছেন শূন্য রানে।
তার এই ফর্ম নিয়ে লিটন দাসও কিছুদিন আগে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, শামীমকে আরও পরিণত ও দায়িত্বশীল হতে হবে। তবে তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার ছিল না—এটা পরিষ্কার করে জানান অধিনায়ক। লিটনের কথায়, নির্বাচকরা তাকে কোনো নোটিশ না দিয়েই বাদ দিয়েছিলেন শামীমকে, এবং তিনি নিজে মনে করেছিলেন শামীম দলে থাকলে তা দলের জন্য ভালোই হতো।
পরিস্থিতি পর্যালোচনা করে শেষ পর্যন্ত বাংলাদেশ দল আবারও শামীমকে ফিরিয়ে আনল সিরিজের শেষ ম্যাচের স্কোয়াডে। লিটন দাসের নেতৃত্বে ঘোষিত দলে আছেন সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।










Discussion about this post