আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। রবিবার ঘোষিত এই দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার রাফিউজ্জামান রাফি এবং ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমন।
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন মোহাম্মদ সবুজ ও আবদুর রহিম। অন্যদিকে সবশেষ ইংল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সানজিদ মজুমদার, শাহরিয়ার আল আমিন ও ফারহান শাহরিয়ার।
ইংল্যান্ড সফরে স্ট্যান্ড বাই হিসেবে থাকা রাফি ও সবুজ এবার মূল দলে সুযোগ পেলেও আগের সফরে মাঠে নামার সুযোগ পাননি। রাফি এর আগে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের হয়ে শেষবার খেলেছিলেন, যেখানে ৭টি লিস্ট ‘এ’ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। ইকবাল হোসেন সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব সিরিজে অংশ নিয়েছিলেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর ৯ ম্যাচে রয়েছে ৪ উইকেট।
বাংলাদেশ ও আফগানিস্তানের যুব সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে, ২৮ ও ৩১ অক্টোবর। এরপর সিরিজের শেষ তিন ম্যাচ হবে রাজশাহীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে (শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম), যথাক্রমে ৩, ৬ ও ৯ নভেম্বর।
এই সিরিজটি মূলত আগামী বছরের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ দল ইতোমধ্যে ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরে অংশ নিয়ে নিজেদের গড়ে তুলছে। ইংল্যান্ড সফরে প্রথম দুটি ওয়ানডে শেষে সিরিজ ১-১ সমতায় থাকলেও বৃষ্টির কারণে শেষ তিন ম্যাচ পরিত্যক্ত হয়।
এর আগে জিম্বাবুয়ে সফরে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ যুব দল ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আর ঘরের মাঠে তারা সর্বশেষ খেলেছিল ২০২৪ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। প্রায় ১১ মাস পর আবারও দেশে ফিরছে তরুণ টাইগাররা।
এই সিরিজ শেষে ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপ, আর জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের আসর। তাই আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটি হবে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সুযোগ।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল (আফগানিস্তান সিরিজের জন্য):
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ–অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, রাফিউজ্জামান রাফি, আবদুর রহিম ও ইকবাল হোসেন ইমন।










Discussion about this post