এশিয়া কাপের সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে হারের মাধ্যমে শেষ হয়েছে বাংলাদেশের মিশন। দুবাইয়ে তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ব্যাটাররা ধারাবাহিকভাবে উইকেট বিলিয়ে দেন। পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২৪ রানেই থেমে যায় লাল-সবুজ জার্সিধারীদের ইনিংস। মাত্র ১১ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে পাকিস্তান জায়গা করে নেয় ফাইনালে, আর ছিটকে যায় টাইগাররা।
তবে এশিয়া কাপ থেকে বিদায় নেওয়া মানেই বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফর শেষ নয়। আগে থেকেই নির্ধারিত ছিল, এশিয়া কাপের পরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতেই হবে এই সিরিজ। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে সাজানো হয়েছে সিরিজ।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২ অক্টোবর। একই ভেন্যুতে পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৫ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ, যার প্রথম ম্যাচ হবে ৮ অক্টোবর। শেষ দুটি ম্যাচ যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপের গ্রুপপর্বেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান। সেই ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা। তবে গ্রুপ থেকে বিদায় নেয় আফগানরা, আর বাংলাদেশ সুপার ফোরে পৌঁছেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি।
এবার দ্বিপাক্ষিক সিরিজে আবারও মুখোমুখি হবে দুই দল, যেখানে নিজেদের ব্যর্থতা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।










Discussion about this post