চলমান পাকিস্তান সফর শেষ হওয়ার আগেই নতুন করে আলোচনায় উঠে এসেছে আরেকটি বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। আগামী ১৮ জুলাই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের একটি টি–টোয়েন্টি সিরিজে, যার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এই সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিকভাবে প্রস্তুত করে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।
এই সিরিজটি আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। তবে গুরুত্বের দিক থেকে এটি কম নয়। বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে আলোচনা চলাকালেই এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে, আসন্ন বড় টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই এই সিরিজটিকে দেখছে উভয় বোর্ড।
বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান দলের পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্র, যেখানে তারা ৩১ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর ওই সফরেই থাকবে একটি ওয়ানডে সিরিজ।



