ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের তফসিল। শুরুতে ৪ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারণ থাকলেও তা পিছিয়ে ৬ অক্টোবর চূড়ান্ত করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন সন্ধ্যায় ফলাফল প্রকাশের পর রাতেই হবে সভাপতি ও সহ-সভাপতির নির্বাচন। রাত ৯টার মধ্যেই জানা যাবে বিসিবির নতুন সভাপতির নাম।
পরিচালক পদে লড়তে হলে কাউন্সিলর হতে হয়। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন ২৫ জন পরিচালক, আর সেই পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি ও সহ-সভাপতি। গত কয়েক আসরে ভোটারের সংখ্যা ছিল প্রায় ১৭০-এর কাছাকাছি। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কাউন্সিলর মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা প্রশ্নবিদ্ধভাবে দুই দফা বাড়ানোর পর শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এরপর সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। আপত্তি গ্রহণ করা হবে ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেই আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। এরপর ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
মনোনয়নপত্র বিতরণ হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর। দাখিলের শেষ সময় ২৮ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে বৈধ প্রার্থীর তালিকা। আপিল ও শুনানির দিন রাখা হয়েছে ৩০ সেপ্টেম্বর। ১ অক্টোবর দুপুর ১২টায় প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
চলতি মাসের প্রথম সপ্তাহে বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। এরপর আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো নির্বাচনের বিস্তারিত তফসিল।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী মোট ১৭১ জন কাউন্সিলর ভোট দেবেন। এর মধ্যে ঢাকার ক্লাব থেকে আসবেন ৭৬ জন। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে থাকবেন ১০ জন প্রতিনিধি। আবার ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে।
এবারের নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী লড়াইয়ে নামছেন। তাদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও। ফলে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা আগের যেকোনোবারের তুলনায় বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।



