ফেনী জেলা দল থেকে চট্টগ্রাম বিভাগীয় বয়সভিত্তিক ক্রিকেটে নিজের প্রতিভার ছাপ রেখে এগিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান হৃদয়। স্বপ্ন ছিল একদিন দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলার। কিন্তু সেই পথেই হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় মরণব্যাধি ক্যান্সার। এবার প্রতিশ্রুতিশীল এই তরুণ ক্রিকেটারের চিকিৎসার দায়িত্বে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হৃদয়ের চিকিৎসা সহায়তার জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছে বিসিবি। বোর্ড কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হৃদয়ের বাবাের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের শরীরে সম্প্রতি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) ধরা পড়েছে। তার চিকিৎসার জন্যই এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
হৃদয়ের অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া পড়ে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও আগেই তার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এরপর ধীরে ধীরে দেশের ক্রিকেট পরিবারের বিভিন্ন স্তর থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে।










Discussion about this post