বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, তাকে হঠাৎ বরখাস্ত করার সিদ্ধান্তই বিসিবি সভাপতি ফারুক আহমেদের অপসারণের পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
লিংকডইনের পোস্টে হাথুরুসিংহ লিখেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার হয়ে কথা বলতে দেই। তবে বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনা আমাকে আবারও আলোচনায় এনেছে।’ তিনি আরও জানান, বোর্ডের সঙ্গে যথাযথ আলোচনার বাইরে গিয়ে, স্বচ্ছতা ও প্রক্রিয়া ছাড়াই তাকে বরখাস্ত করা হয়েছিল।
এই সিদ্ধান্তে বিসিবির অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি হয়, যার চূড়ান্ত পরিণতি হিসেবে সভাপতির পদ হারাতে হয় ফারুক আহমেদকে-এমনটাই ইঙ্গিত দিয়েছেন হাথুরুসিংহ। ‘ইএসপিএন ক্রিকইনফো’র এক প্রতিবেদনেও বলা হয়েছে, আমার বরখাস্তের পদ্ধতি নিয়েই প্রশ্ন উঠেছিল বোর্ডে।’
তাকে সরিয়ে দেওয়ার সময় একটি গুরুতর অভিযোগ ছিল-এক ক্রিকেটারকে ড্রেসিংরুমে শারীরিকভাবে লাঞ্ছিত করা, যদিও হাথুরু এবং তৎকালীন সহকারী কোচ নিক পোথাস উভয়েই একে ভিত্তিহীন বলে দাবি করেন। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরু বলেন, ‘বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী আমাকে বলেন, ‘তোমার চলে যাওয়া উচিত, কাউকে কিছু বলার দরকার নেই।’ তখনই আমি বুঝেছিলাম, এটা আমার বিদায়ের সংকেত।’
বিমানবন্দরে বিদায়ের সময় এক কর্মকর্তার বক্তব্য, ‘আমি দুঃখিত কোচ, যে আপনাকে যেতে হচ্ছে!’
ফারুক আহমেদকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে বোর্ডের অভ্যন্তরীণ অসন্তোষ, নেতৃত্ব সংকট ও সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতার অভাব বড় ভূমিকা রেখেছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই নতুন অধ্যায় শুরু করলেন কিংবদন্তি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, যাকে বিসিবির নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ফারুক অধ্যায় শেষ হওয়ার একদিন পরই।



