গত বছরটা যেন স্বপ্নের মতো কাটল পাকিস্তানের ক্রিকেটারদের। টি-টুয়েন্টিতে আইসিসির বর্ষসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডে ক্রিকেটে সেরা বাবর আজম। এবার সব মিলিয়ে সেরা হলেন পাকিস্তানের আরেক ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি।
আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই পেসার। সবচেয়ে কম বয়সী আর প্রথম কোনো পাকিস্তানি ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন তিনি। ২১ বছর বয়সী এই পাকিস্তানি পেসার বছর জুড়ে তিন ফরম্যাটে দুর্দান্ত সাফল্যে পেলেন এই ট্রফি।
টেস্টের সেরা পারফরমার জো রুট, টি-টুয়েন্টির মোহাম্মদ রিজওয়ান ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেলেন আফ্রিদি। আইসিসির ওয়েবসাইটে সোমবার সেরাদের নাম ঘোষণা করা হয়। এদিকে বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা।
২০২১ সালে তিন ফরম্যাট মিলিয়ে ৩৬ ম্যাচে ২২.২০ গড়ে ৭৮ উইকেট নিয়েছেন আফ্রিদি। সেরা সাফল্য ৫১ রানে ৬ উইকেট।
এই সাফল্যের পর শাহীন শাহ আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের জন্য ভালো করার চেষ্টা ছিল। এই সময়ে আমরা বেশ ভালো কিছু ম্যাচ জিতেছি। সব সময়ই চেষ্টা থাকে পাকিস্তানের হয়ে ভালো খেলার, এই চেষ্টাটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে একাধিকবার বর্ষসেরা ক্রিকেটার হলেন মান্ধানা। গেল বছর ২২ আন্তর্জাতিক ম্যাচে ৩৮.৮৬ গড়ে ৮৫৫ রান করেন মান্ধানা।



