ক্রিকবিডি২৪ডট কম ডেস্ক
যোগ্যতার পরিধিটা দেখিয়ে ছিলেন আগেই। দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা উইলিয়ামসকে হারানো তো আর সহজ ব্যাপার ছিল না। তখনই আঁচ করা গিয়েছিল এবারের উইম্বলডনে অনেকদূর যাবেন সাবিন লিসিস্কি। মঙ্গলবার লন্ডনে মেয়েদের এককে কাইয়া কানেপিকে হারিয়ে তিনি উঠে গেছেন সেমিফাইনালে। কানেপিকে হারাতে তেমন বেগই পেতে হল না ২৩ বছর বয়সী জার্মান এ তারকাকে। জিতলেন সরাসরি সেটে। অনায়াসে ৬-৩, ৬-৩ গেমে।
টেনিসের আন অফিসিয়াল ‘বিশ্বকাপে’র ফাইনালে ওঠার লড়াইয়ে আগনিয়াস্কা রাদওয়ানাস্কার মুখোমুখি হবেন সাবিন লিসিস্কি| পোল্যান্ডের তারকা রাদওয়ানাস্কা চীনের লি না’কে হারান ৭-৬, ৪-৬ ও ৬-২ গেমে।
মঙ্গলবার বিদায় নিলেন ২০১১ উইম্বলডনের শিরোপাজয়ী পেত্রা কেভিতোভা। কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই কেভিতোভাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান র্যাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেনস।



