আন্তর্জাতিক ফুটবলে ২৩ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবল মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে সমর্থকদের উদ্দেশে বিদায়ী বার্তা দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে রেকর্ড গড়া এক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।
বিদায়ী বার্তায় নিজের আইকনিক ৭ নম্বর জার্সির প্রসঙ্গ টেনে রোনালদো বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’
আরেকটি বার্তায় পর্তুগাল ও সমর্থকদের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, ‘পর্তুগালের ৭ নম্বর জার্সিটি তুলে রাখার সময় এসেছে। আমি কখনোই এটাকে শুধু আমার একার মনে করিনি; তবে গত ২৩ বছর ধরে এই জার্সি পরার পরম সৌভাগ্য ও দায়িত্ব আমার ওপর ছিল। পর্তুগাল সবসময় আমার হৃদয়ে থাকবে।’
জাতীয় দলের হয়ে অসাধারণ সব কীর্তি গড়েছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড রয়েছে তার দখলে। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন এই ফরোয়ার্ড। ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর দীর্ঘ সময় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। তার নেতৃত্বেই ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল।
আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগালের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন রোনালদো। একের পর এক গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতার আসন নিজের করে নেওয়ার পাশাপাশি দলের নেতৃত্বেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার বিদায়ের মধ্য দিয়ে পর্তুগিজ ফুটবলের একটি দীর্ঘ ও স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটল।
তবে জাতীয় দল থেকে তার বিদায়ের প্রেক্ষাপট নিয়েও আলোচনা রয়েছে। সম্প্রতি পর্তুগালের কোচের সঙ্গে বিরোধে জড়ানোর খবর সামনে আসে। নেশনস লিগের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে তাঁকে একাদশে রাখা হবে না জানতে পেরে দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার কথাও জানা যায়। এর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচেও একাদশে সুযোগ পাননি তিনি, বদলি হিসেবেও মাঠে নামা হয়নি তার। ম্যাচ শেষে সতীর্থরা দর্শকদের অভিবাদন জানাতে গেলেও রোনালদো সরাসরি ড্রেসিংরুমে চলে যান।
কোচের সঙ্গে বিরোধের জের ধরে দলের ক্যাম্প ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। সেই ঘটনার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। তবে জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে এই ঘোষণায় কোনো কিছু নিশ্চিত করা হয়নি।
২৩৪ ম্যাচ, ১৪৬ গোল, দুটি আন্তর্জাতিক শিরোপা আর অসংখ্য ব্যক্তিগত অর্জন-এই পরিসংখ্যান নিয়েই পর্তুগালের জার্সিকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসের পাতায় তাঁর নাম থেকে যাবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে।



