বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত শতক হাঁকিয়ে আলোচনায় আসা আমির জাঙ্গুর জন্য এলো আরও একটি সুখবর। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লিউআই) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। একই সঙ্গে পুরুষ ও নারী দলের আরও দুই ক্রিকেটার প্রথমবারের মতো চুক্তির আওতায় এসেছেন।
বৃহস্পতিবার ২০২৬-২৭ মৌসুমের জন্য পুরুষ ও নারী দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে সিডব্লিউআই। নতুন এই চুক্তির মেয়াদ শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬ থেকে, যা চলবে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
নতুন চুক্তিতে প্রথমবার জায়গা পাওয়া অন্য দুই ক্রিকেটার হলেন পুরুষ দলের পেস অলরাউন্ডার ম্যাথু ফোর্ড এবং নারী দলের উইকেটকিপার-ব্যাটার ম্যান্ডি মাংগ্রু। সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় তিনজনই নিজেদের যোগ্যতা প্রমাণ করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন।
সিলেট টেস্টের আগে গত জুনে নর্থ সাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন জাঙ্গু। লাল বলের ক্রিকেটে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের বিপক্ষেও। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ১৩৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি। প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৭১ রান।
এদিকে কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। ২০১৯ সালের পর এই প্রথম বোর্ডের চুক্তিতে জায়গা পেলেন তিনি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে ফিরিয়ে এনেছে চুক্তির তালিকায়। ভারতের মাটিতে ওয়ানডেতে ৬২ ও ১০১ রানের ইনিংস খেলার পর মিরপুর টেস্টে ৫৪ ও ৪৯ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ওপেনার।
নতুনদের অন্তর্ভুক্তির বিপরীতে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড এবং ব্যাটার ব্র্যান্ডন কিং ও অ্যালিক অ্যাথানেজ। তবে নেতৃত্বের দায়িত্বে থাকা ক্রিকেটারদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। পুরুষ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক শাই হোপ, টেস্ট অধিনায়ক রস্টন চেইস এবং নারী দলের অধিনায়ক হেইলি ম্যাথিউস চুক্তির মূল কাঠামোয় নিজেদের অবস্থান ধরে রেখেছেন।
আসন্ন আন্তর্জাতিক সূচি সামনে রেখেই চুক্তির তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সিডব্লিউআইয়ের ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব। পুরুষ দলের প্রধান লক্ষ্য আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা নিশ্চিত করা।
নারী দলের ক্ষেত্রেও রয়েছে গুরুত্বপূর্ণ লক্ষ্য। আগামী ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ থেকে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে তাদের।



