নতুন নির্বাচিত সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই ক্রিকেট অঙ্গনে বড় বার্তা দিলেন আমিনুল হক। মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর রাতে সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাংবাদিকদের প্রবেশে আরোপিত বিধিনিষেধ তুলে দিতে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন।
গত ৩১ জানুয়ারি নিরাপত্তার কারণ দেখিয়ে শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা জারি করেছিল বিসিবি। সে সময় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং পূর্বনির্ধারিত ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কাভার করতেই সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
এ সিদ্ধান্তে অসন্তোষ দেখা দিলে দায়িত্ব নেওয়ার দিনই বিষয়টি নিয়ে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমিনুল বলেন, ‘‘আমি নিজেই জানি না ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন। আমি দেখব। সমস্যা হলে আমাকে বলবেন, আমি সিইওকে বলে দিচ্ছি, যেন কালকে থেকে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন।’’ পরে উপস্থিত সাংবাদিকদের সামনেই বিসিবির সিইওকে ফোন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এদিকে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে সাকিব আল হাসান-এর ফেরার আলোচনা নতুন করে জোরালো হয়েছে। একই সঙ্গে আলোচনায় রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তাদের বিরুদ্ধে থাকা মামলার প্রেক্ষাপটে বিষয়টি কীভাবে দেখা হবে—এমন প্রশ্নের জবাবে আমিনুল বলেন, ‘‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে সে ফিরে আসে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’’
রাজনৈতিক প্রেক্ষাপটও ক্রিকেটের আলোচনায় এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের অধীনে ক্রীড়া খাতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে আমিনুলের বক্তব্যে।
অন্যদিকে ঢাকার ক্লাব সংগঠকদের অংশগ্রহণ না করা নিয়ে কয়েক মাস ধরেই বিসিবিতে অস্থিরতা চলছে। বর্তমান বোর্ডের অধীনে কোনো ধরনের ঘরোয়া লিগে ৪৫টি ক্লাব অংশ নেয়নি। বোর্ড নির্বাচন প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এটা প্রশ্নবিদ্ধ ছিলো। এটা নিয়ে আমরা বসব, বসে আলোচনা করব। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে করব।’’



