দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। সম্প্রতি ইংলিশ কাউন্টিতে ধারাবাহিক পারফরম্যান্স করে নজর কাড়ার পর এবার পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসাও। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে গিয়ে সাকিবের সঙ্গে দেখা হয় হাসানের। সেই সময় কাউন্টিতে তার পারফরম্যান্স নিয়েই দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এই পেসার।
এবারের এলপিএলে একাধিক বাংলাদেশি ক্রিকেটার খেলছেন। সাকিব খেলছেন জাফনা কিংসের হয়ে, মেহেদী হাসান মিরাজ গল গ্যালান্টসের হয়ে এবং হাসান মাহমুদ প্রতিনিধিত্ব করছেন কলম্বো ক্যাপসের।
এলপিএলে সাকিবের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে হাসান সাংবাদিকদের বলেন, ‘উনি আসার পর আমরা বসেছিলাম হোটেলে। আমি, মিরাজ ভাই, উনি একসাথে। অনেকক্ষণ কথা হয়েছে খেলাধুলা নিয়ে। উনি আমার কাউন্টি ম্যাচও দেখেছিলেন। অনেক এপ্রিশিয়েট করেছেন। বলেছেন ফিট থাকতে আর যা হচ্ছে আলহামদুলিল্লাহ। সব জায়গায় নিজের সেরাটা দিতে।’
ইংলিশ কাউন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্সের মাধ্যমে হাসান মাহমুদ বাংলাদেশের ক্রিকেটেও আলোচনায় রয়েছেন। বাংলাদেশের প্রথম কাউন্টি ক্রিকেটার সাকিব আল হাসানের কাছ থেকে এমন প্রশংসা পাওয়া তরুণ এই পেসারের জন্য বাড়তি প্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পালা বদলের পর আর দেশে আসেননি সাকিব আল হাসান। তিনি আপাতত বাংলাদেশের জার্সিতেও খেলছেন না। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে তার দেখা হওয়ার সুযোগ তৈরি হচ্ছে মূলত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই। এ কারণে সাকিবের অংশগ্রহণে এবারের এলপিএল ঘিরে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বেড়েছে।










Discussion about this post