সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিব আল হাসানকে দেশে ফেরাতে উদ্যোগী হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালিত হচ্ছে অ্যাডহক কমিটির মাধ্যমে। এই প্রেক্ষাপটে শুক্রবার মিরপুরে সাকিবের দেশে ফেরা নিয়ে কথা বলেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
ক্রিকেটারদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের শীর্ষ কর্তা মিঠুন বলেন, ‘দেখুন, সাকিবের দেশে ফেরা সম্ভব- আমি অবশ্যই বিশ্বাস করি। তবে এখানে সরকারের কিছু নমনীয়তা প্রয়োজন। তার যেসব মামলা বা বিষয় আছে, সেগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আগে কাজ করতে হবে।’
মিঠুন আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ক্রিকেটের দিক থেকে তার সক্ষমতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তিনি যদি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে পারেন, তাহলে বাংলাদেশের প্রতিটি দর্শক ও মানুষই খুশি হবে।’
সাকিব ইস্যুতে আলোচনার ধরন নিয়েও সমালোচনা করেন মিঠুন, ‘এই বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সাকিব ভাইয়ের বিষয়ে বাস্তব কাজের চেয়ে ‘স্ট্যান্ডবাজি’ই বেশি হয়েছে। অনেকেই শুধু সংবাদে আসার জন্য তার নাম ব্যবহার করেছেন।’
সমাধানের পথ নিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমার মনে হয়, এসব না করে যদি সত্যিই কেউ তার জন্য কিছু করতে চান, তাহলে সরকারের সঙ্গে আলোচনা করে সঠিক পথে তার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করা উচিত। যাতে তিনি আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন- সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।’










Discussion about this post