সত্য স্বীকার কোন লজ্জা নেই। আবার ভুল তো মানুষই করে। কিন্তু টাইগার উডসের জীবনে যে ঘটনা ঘটেছে তা অকপটে বলে মেনে নেয়া সহজ নয়। কিন্তু গলফের কিংবদন্তি তাই করবেন। জানালেন, কী কারণে সাবেক স্ত্রী এলিন নর্ডিগ্রেনের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙ্গল-তা সরাসরি জানাবেন সন্তানদের।
টাইগার উডস বললেন, ‘আট বছরের স্যাম এবং ছ’বছরের চার্লি প্রায়ই জানতে চায় কেন তাদের বাবা-মা এক বাড়িতে থাকে না। আমি জানি শিগগিরই ওরা সত্যটা জেনে যাবে। ইন্টারনেট ঘাঁটতে শেখার আগেই ওদের বলতে চাই, আমি কিছু ভুল করেছিলাম। আমি চাই ওরা সত্যটা যেন সরাসরি আমার মুখ থেকেই জানুক।’
বলা দরকার বিবাহ-বহির্ভূত একাধিক সম্পর্ক গড়ে সমালোচিত হন টাইগার। পরে ২০০৯ সালে টাইগার-এলিন সম্পর্ক ভাঙ্গে তাদের।



