প্রত্যাশিতভাবেই শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে রেখেই মঙ্গলবার ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ টেস্ট দল। এই বাঁহাতি ছাড়াও দলে আছেন আরো ৪ পেসার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস আপাতত নেই দলে। তবে ফিটনেস ফিরে পেলে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
তবে ম্যাচ না খেলেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। ঘরোয়া ক্রিকেট ভাল খেলে ফিরেছেন আরেক পেসার রুবেল হোসেন। ফিরেছেন শুভাশিষ রায়ও।
০৭ মার্চ গলে শুরু হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কলম্বোয়, শুরু ১৫ মার্চ। যা কীনা বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট দল
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শুভাশীষ রায় চৌধুরী এবং রুবেল হোসেন।



