বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় সংস্থাটি জানায়, মমতাজ বেগমের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে শেখ মেহেদী হাসান ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করা হয়েছে।
৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।
মায়ের মৃত্যুতে ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই ক্রিকেটার। তার পরিবারের প্রতি ক্রিকেটাঙ্গনের সমবেদনা ও সহমর্মিতা অব্যাহত রয়েছে।



