আইপিএলের অর্থনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স বা কলকাতা নাইট রাইডার্সের মতো তারকাখচিত ফ্র্যাঞ্চাইজিকে পেছনে ফেলে আইপিএলের সবচেয়ে ধনী দল হওয়ার পথে রাজস্থান রয়্যালস। প্রথম দল হিসেবে ‘বিলিয়ন-ডলার’ মূল্যায়নের দোরগোড়ায় দাঁড়িয়ে তাদের বাজারদর পৌঁছাতে যাচ্ছে প্রায় ৯২১৫ কোটি টাকায়।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘ সময় ট্রফির মুখ দেখেনি রাজস্থান। ১৮ বছরের ট্রফি-খরা সত্ত্বেও দলটির ব্র্যান্ড ভ্যালু বরং বেড়েছে। ক্রিকেটীয় সাফল্যের ঘাটতি বিনিয়োগকারীদের আগ্রহে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। বরং একাধিক আন্তর্জাতিক সংস্থার আগ্রহে রাজস্থান রয়্যালস বর্তমানে আইপিএলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগে পরিণত হয়েছে।
দলটির মালিকানায় রয়েছে এমার্জিং মিডিয়া ভেঞ্চার্স, রেডবার্ড ক্যাপিটাল পার্টনার ও টাইগার গ্লোবালের মতো প্রতিষ্ঠান। সাম্প্রতিক মাসগুলোতে টাইমস ইন্টারনেট, ব্ল্যাকস্টোন এবং কার্লাইল গ্রুপের মতো বৈশ্বিক বিনিয়োগ সংস্থাগুলো রাজস্থানের অংশীদারিত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী কাল সোমানিওর নামও সম্ভাব্য ক্রেতার তালিকায় রয়েছে। যেই প্রতিষ্ঠানই মালিকানা পাক না কেন, মূল্যায়ন প্রায় একই জায়গায় দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
রাজস্থানের মালিকানা বিক্রির পুরো প্রক্রিয়া তদারকি করছে রেইনে গ্রুপ। আন্তর্জাতিক ক্রীড়াবাজারে বড় বড় ক্লাব হাতবদলের ক্ষেত্রে এই সংস্থার অভিজ্ঞতা রয়েছে। যদিও আসন্ন আইপিএল মৌসুম শুরুর আগে মালিকানা বদল হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ, নতুন মৌসুমের দল ইতিমধ্যেই বর্তমান মালিক পক্ষ গঠন করেছে। ফলে চলতি আসর শেষে পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে রাজস্থানের পরই সম্ভাব্য মালিকানা বদলের তালিকায় উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বর্তমান মালিক ডিয়াজিও দলটি বিক্রির জন্য একাধিক প্রস্তাব পেয়েছে বলে জানা গেছে। যদি বেঙ্গালুরুর মালিকানা বদল হয়, তবে তাদের বাজারদর রাজস্থানের থেকেও ছাড়িয়ে যেতে পারে। সে ক্ষেত্রে আইপিএলের সবচেয়ে ধনী দলের অবস্থান আরও একবার বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
সব মিলিয়ে রাজস্থান রয়্যালসের সম্ভাব্য বিলিয়ন-ডলার মূল্যায়ন প্রমাণ করে দিচ্ছে-আইপিএল এখন শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে এক শক্তিশালী অর্থনৈতিক প্ল্যাটফর্ম।










Discussion about this post