দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) অনিশ্চয়তায় পড়ার প্রেক্ষাপটে নতুন উদ্যোগ নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ক্রিকেটারদের অধিকার রক্ষায় কাজ করা এই সংগঠনটি এবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে প্রতিনিধি আহ্বানের ঘোষণা দিয়েছে, যাতে তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের মতামত আরও সুসংগঠিতভাবে সামনে আনা যায়।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, প্রথম বিভাগ থেকে দুইজন এবং দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে একজন করে প্রতিনিধি নেওয়া হবে। এই প্রক্রিয়াটি হবে পুরোপুরি অংশগ্রহণমূলক, যেখানে সংশ্লিষ্ট বিভাগের ক্রিকেটাররাই ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ দায়িত্বও থাকবে খেলোয়াড়দের ওপর, যা তাদের নিজেদের অধিকার ও মতামত প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে ঢাকা লিগের স্থবিরতাকে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে দেখছেন মিঠুন। বছরের এই সময়টিতে সাধারণত লিগ অনুষ্ঠিত হলেও এবার ক্লাবগুলোর বিসিবি বয়কটের কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সেই ক্রিকেটাররা, যারা এই লিগের ওপরই তাদের জীবিকা নির্ভর করে।
ক্রিকেটারদের এই দুরবস্থার কথা তুলে ধরে মিঠুন বলেন, ‘ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমাদের মূল উপার্জনের একটা জায়গা। এখানে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় আর্থিকভাবে উপকৃত হয়। এই লিগ বন্ধ হওয়াতে প্রতিটি খেলোয়াড় অনেক কষ্টে দিনাতিপাত করছে। বিষয়টি আমাদের নজরে আছে।’
সংকট নিরসনে কোয়াবের চলমান প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। বিসিবি এবং সিসিডিএমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান মিঠুন। তিনি বলেন, ‘খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা বিসিবি এবং সিসিডিএমের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। লিগটাকে দ্রুত মাঠে গড়ানোর বিষয়ে আমাদের চেষ্টার কমতি নেই। আমরা অতি দ্রুত সমাধান আনার চেষ্টা করছি।’










Discussion about this post