পাকিস্তান সুপার লিগকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত লাহোর কালান্দার্স। সেই প্রস্তুতিতে বড় চমক হয়ে এসেছে বাংলাদেশের কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান-এর নাম। সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ানোয় সন্তুষ্টির কথা জানালেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামিন রানা। তাঁর কণ্ঠে ছিল আস্থা, প্রশংসা আর প্রত্যাশার মিশেল।
মুস্তাফিজকে নিয়ে সামিনের মূল্যায়ন ছিল স্পষ্ট ও জোরালো। তিনি বলেন, ‘মুস্তাফিজ খুবই ইউনিক, আর এই মুহুর্তে পৃথিবীর সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন। তার ম্যাচিউরিটি, বোলিং স্কিল দিনদিন আরও ইমপ্রুভ হচ্ছে। আর এজন্যই আইপিএলে তার দাম নয় কোটি রুপি ছাড়িয়েছিলো।’
বাংলাদেশি ক্রিকেটারদের ওপর লাহোরের আস্থা অবশ্য নতুন নয়। গত আসরে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। শুরুতে তাকে দলে নেওয়া নিয়ে সমালোচনা হলেও সময়ই বদলে দিয়েছে সেই ধারণা। রিশাদকে স্মরণ করে সামিন বলেন, ‘রিশাদকে যখন প্রথমবার কিনি, তখন অনেকে ভ্রু কুঁচকে বলছিলো, ‘আরে কী প্লেয়ার কিনলেন?’ আর দেখেন আজ মাশআল্লাহ তার দাম কোটি রুপি ছাড়ায়। রিশাদ, আমি তোমাকে নিয়ে অনেক প্রাউড।’
তবে নতুন মৌসুমে রিশাদকে আর ধরে রাখেনি লাহোর। নিলাম থেকে তাকে কিনেছে রাওয়ালপিন্ডি, যারা এবার ‘পিন্ডিস’ নামে অংশ নেবে টুর্নামেন্টে।



