টানা দুই জয়ের পর আগের ম্যাচে হার! সেই তিক্ততা ভুলতে আজ মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তাদের প্রতিপক্ষ ছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। টসে জিতে রূপগঞ্জ অধিনায়ক শেখ মেহেদী হাসান প্রথমে ব্যাটিংয়ে পাঠান অগ্রণী ব্যাংককে। তবে সেই সিদ্ধান্তকে কাজে লাগিয়ে বড় সংগ্রহ গড়ে তোলে প্রতিপক্ষ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে ২৯৩ রান।
অগ্রণী ব্যাংকের বড় স্কোরের ভিত্তি গড়ে দেন মাহফিজুল ইসলাম রবিন। ইনিংসজুড়ে দারুণ নিয়ন্ত্রিত ও পরিণত ব্যাটিং করেন তিনি। ১৩৮ বলে ১২৭ রানের চমৎকার ইনিংসে ছিল ১০টি চার ও তিনটি ছক্কা। শুরু থেকেই উইকেটে স্থির হয়ে খেলা রবিন ধীরে ধীরে রানের গতি বাড়ান। রূপগঞ্জের বোলাররা অন্য ব্যাটারদের তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারলেও রবিনকে থামানোর কার্যকর কোনো উপায় খুঁজে পায়নি।
অভিজ্ঞ মার্শাল আইয়ুবও দলের রান বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ৫০ বলে ৩৫ রান করেন। শেষ দিকে দ্রুত রান তোলেন তওফিক খান তুষার। মাত্র ১২ বলে ২০ রান করে ইনিংসে গতি যোগ করেন তিনি। এছাড়া শুভাগত হোম চৌধুরী করেন ২১ রান এবং তোফায়েল আহমেদ ২৩ বলে ২৬ রানের কার্যকর ইনিংস খেলেন। মাঝের ওভারে উইকেট হারালেও শেষ পর্যন্ত রান তোলার ধারাবাহিকতা ধরে রাখে অগ্রণী ব্যাংক।
রূপগঞ্জের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক শেখ মেহেদী। ১০ ওভারে ৫৮ রান খরচায় তিনি তুলে নেন ৩ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন এই অফস্পিনার।
এছাড়া শাহরিয়ার আহমেদ নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান সালাউদ্দিন শাকিল ও সামিউন বাশির রাতুল। তবে বড় স্কোর ঠেকাতে বোলারদের প্রচেষ্টা যথেষ্ট হয়নি।
এখন ম্যাচে ফিরতে হলে রূপগঞ্জের ব্যাটারদের সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে। প্রায় ছয় রান গড়ে রান তোলার পাশাপাশি প্রয়োজন হবে একাধিক বড় জুটি। টানা জয় হারানোর পর আবারও জয়ের পথে ফিরতে মরিয়া সাবেক চ্যাম্পিয়নরা। ২৯৪ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নিতে হলে শুরু থেকেই আক্রমণাত্মক ও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে তাদের।



