একটি সময় তাকে ভাবা হতো বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় ব্যাটারদের একজন হিসেবে। কিন্তু বছর পেরিয়ে যাচ্ছে, ম্যাচের পর ম্যাচ শেষ হচ্ছে-এনামুল হক বিজয়ের টেস্ট ক্যারিয়ারের খাতা তবু একই জায়গায় থেমে আছে, বরং তাতে যুক্ত হচ্ছে ব্যর্থতার একের পর এক অধ্যায়।
কলম্বো টেস্টের আজ প্রথম দিন। ইনিংসের চতুর্থ ওভারে পেসার আসিতা ফার্নান্ডোর বলে বোল্ড হয়ে ফেরেন এনামুল। বলটি অফস্টাম্পের বাইরের দিকে নয়, বরং ঢুকে আসে ভেতরে। এনামুল চেয়েছিলেন ব্যাকফুটে পাঞ্চ করতে, কিন্তু ভুল পড়া ও দেরিতে ব্যাট নামানোয় বল লাগে ব্যাটের কানায় এবং স্টাম্প উপড়ে যায়। সাজঘরে ফেরার সময় মাথা নাড়ছিলেন বিজয়-হয়তো হতাশা, হয়তো আত্মবোধ!
কিন্তু প্রশ্ন উঠবেই-এই ভুল কেবল একদিনের নয়, এটি তো তার ক্যারিয়ারজুড়ে ছড়িয়ে আছে।
২০১৩ সালে টেস্ট অভিষেক, এরপর এত বছরেও খেলেছেন মাত্র ৮টি টেস্ট। কিন্তু এতে তাঁর ব্যর্থতা যেন সংখ্যায় নয়, ব্যাটে-বলে লিখে গেছে নিজের ব্যর্থ আত্মজীবনী। ১৪ ইনিংসে গড় মাত্র ১০.২১, রান মোটে ১৪৩। চারবার শূন্য, সর্বোচ্চ ৩৯। সাম্প্রতিক চার ইনিংসে রান-৩৯, ০, ৩, ০।
একই বোলারের কাছে একই ভঙ্গিতে পরপর দুই টেস্টে একই রকম আউট-এ কেবল কাকতাল নয়, এটি প্রস্তুতির ঘাটতি এবং আত্মবিশ্বাসের সঙ্কটেরও প্রতিচ্ছবি!



