প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলে এই প্রত্যাবর্তনের সঙ্গে সৌম্যর সামনে তৈরি হয়েছে একটি ভিন্ন সম্ভাবনাও। সুযোগ পেলে চট্টগ্রামেই খেলতে পারেন নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
সৌম্যকে দলে নেওয়ার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে অধিনায়ক লিটন দাসের চোট-শঙ্কা। মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে পায়ের পেশিতে টান পড়েছিল লিটনের। ফলে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার খেলা এখনো নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে বিকল্প প্রস্তুতি হিসেবে সৌম্যকে স্কোয়াডে ডাকা হয়েছে।
সৌম্যকে অন্তর্ভুক্ত করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিটন দাস বলেন, ‘সৌম্যকে দলে নেওয়ার কারণ হলো, আমি নিজেই ফিফটি-ফিফটি অবস্থায় ছিলাম। কী হতে পারে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এজন্য অন্তত কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
দলের আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও হালকা অসুস্থতায় ভুগছেন বলে জানিয়েছেন অধিনায়ক। এ প্রসঙ্গে লিটন বলেন, ‘ইমনেরও হালকা অসুস্থতা আছে। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি যে প্রয়োজনের সময় হঠাৎ করে কাউকে ডেকে আনতে হবে। সেই চিন্তা থেকেই সৌম্যকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সৌম্য। এরপর ফিল্ডিংয়ের সময় চোটে পড়ে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। পরে স্কোয়াডে ফিরলেও চোটের কারণে মাঠে নামা হয়নি। এবার পুরোপুরি ফিট হয়েই আবার জাতীয় দলের ডাক পেলেন বাঁহাতি এই ব্যাটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। মজার বিষয় হলো, ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই ভেন্যুতে কখনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি সৌম্য। তাই লিটন দাস কিংবা পারভেজ হোসেন ইমনের কেউ অনুপস্থিত থাকলে একাদশে সুযোগ পেয়ে চট্টগ্রামের মাঠেই নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন তিনি।
তবে টি-টোয়েন্টি সংস্করণে সৌম্যর পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল নয়। ৮৭ ম্যাচে তার সংগ্রহ ১,৪৬২ রান, যেখানে ব্যাটিং গড় মাত্র ১৭। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি, যা বাংলাদেশের কোনো ব্যাটারের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার।









Discussion about this post