মধ্যপ্রাচ্যে সৃষ্ট হঠাৎ যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। পবিত্র উমরাহ পালন শেষে আজ তার দেশে ফেরার কথা থাকলেও আকাশপথে অনিরাপত্তার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় তিনি এখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
জানা গেছে, উমরাহ পালনের উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন সৌদি আরব। ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল তার। সেই অনুযায়ী জেদ্দা থেকে ইকে ০৮০৬ নম্বর ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। তবে আকাশে ওঠার পর নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরে আসে। এতে হাজারো যাত্রীর সঙ্গে তাকেও অপেক্ষায় থাকতে হচ্ছে বিমানবন্দরে।
বর্তমানে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে চলমান সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের আকাশপথকে অস্থিতিশীল করে তুলেছে। সম্ভাব্য হামলা ও পাল্টা হামলার আশঙ্কায় বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে ব্যাপক বিঘ্ন ঘটেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইতিমধ্যে ওই অঞ্চলের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে। একইভাবে এমিরাটস ও কাতার এয়ারওয়েজসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনসও ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।’
দেশে ফেরার সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।’










Discussion about this post