দুবাইয়ে এশিয়া কাপের জমজমাট ফাইনালে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে মাঠের ক্রিকেটের উজ্জ্বলতা ছাপিয়ে আলোচনায় চলে এসেছে মাঠের বাইরের উত্তাপ।
গত রাতে শিরোপা জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্টে দলের ক্রিকেটারদের অভিনন্দন জানাতে গিয়ে মন্তব্য করেন, ‘মাঠের ক্রিকেটেও অপারেশন সিঁদুর। সেই একই ফল। এবারও জিতল ভারত।’ মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাদের অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নাম দেওয়া হয়েছিল, সেই প্রসঙ্গ টেনে মোদি এভাবে ক্রিকেট জয়ের সঙ্গে যুদ্ধের সমান্তরাল টানেন।
মোদির এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি এক্সে পাল্টা লিখেছেন, ‘যদি যুদ্ধেই তোমাদের গর্ব করার মানদণ্ড হয়, তাহলে ইতিহাসের পাতায় এরই মধ্যে পাকিস্তানের কাছে তোমাদের লজ্জাজনক পরাজয়ের কথা লেখা হয়ে গেছে। ক্রিকেট দিয়ে সেটা বদলানো সম্ভব নয়। খেলায় যুদ্ধ টেনে আনলে খেলার আসল ব্যাপারটাই কলঙ্কিত হয়।’
এশিয়া কাপের ফাইনালের উত্তেজনা তাই কেবল ২২ গজে সীমাবদ্ধ থাকেনি, বরং তা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও। মাঠে ভারত জিতলেও ম্যাচ-পরবর্তী সময়ে দুই দেশের নেতা-প্রতিনিধির কথার লড়াই প্রমাণ করেছে যে ভারত–পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা আজও সমান তীব্র!



