সিলেটে শুরু হওয়া এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার ঢাকার পথে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও আগামীকাল সিলেট পর্ব শেষ হচ্ছে।
এরপর দুই দিনের বিরতি দিয়ে ১৫ জানুয়ারি থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবার শুরু হবে বিপিএলের পরবর্তী ধাপ। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া লিগ পর্বের বাকি ম্যাচ, প্লে–অফ এবং ফাইনাল সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকদের বসার অবস্থান অনুযায়ী টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে বিভিন্ন স্তরে। পূর্ব গ্যালারিতে খেলা দেখতে খরচ হবে সর্বনিম্ন ২০০ টাকা। উত্তর গ্যালারি ও আবু সাঈদ স্ট্যান্ডে প্রবেশের টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউস গ্যালারিতে বসে খেলা দেখতে ৫০০ টাকা এবং ইন্টারন্যাশনাল গ্যালারিতে ৮০০ টাকা গুনতে হবে। সবচেয়ে ব্যয়বহুল টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। এ ছাড়া ১ হাজার টাকায় ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ও ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থে বসেও খেলা দেখার সুযোগ থাকছে।
বিসিবি জানিয়েছে, এবারের বিপিএলের সব টিকিট অনলাইনের মাধ্যমেই বিক্রি করা হবে। ঢাকা পর্বের ম্যাচগুলোর টিকিট আগামী ১২ জানুয়ারি থেকে পাওয়া যাবে বিসিবির নির্ধারিত টিকিটিং প্ল্যাটফর্ম [www.gobcbticket.com.bd–এ।](http://www.gobcbticket.com.bd–এ।)
ঢাকা পর্বের সূচনা হবে ১৫ জানুয়ারি। ওই দিন দুপুরের ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে সিলেট টাইটানস। এরপর ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমেনটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ২১ জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারির ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিপিএল।










Discussion about this post