টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মানেই এখন শুধু ক্রিকেট নয়, বিনোদনের এক আন্তর্জাতিক মঞ্চ। সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলতে চলেছে নোরা ফাতেহির উপস্থিতি। ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের প্রথম ম্যাচের আগেই যে উদ্বোধনী অনুষ্ঠান হবে, তার কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহী।
আয়োজকদের সূত্রে জানা গেছে, বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে নোরার পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর সঙ্গে একই মঞ্চে থাকবেন গায়ক বাদশা। এছাড়া ভারতীয় যন্ত্রসংগীতের প্রতিনিধিত্ব করতে থাকবেন পারকাশন শিল্পী শিবমণি ও সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা। আধুনিক পপ সংস্কৃতি ও শাস্ত্রীয় সংগীতের এই সমন্বয়ের মধ্য দিয়েই বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা করতে চায় আয়োজকরা।
নোরা ফাতেহির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এই আয়োজনকে আলাদা মাত্রা দিয়েছে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপে ফ্যান ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স এবং অফিসিয়াল অ্যান্থেম ‘লাইট দ্য স্কাই’-এ অংশগ্রহণ তাঁকে বৈশ্বিক ক্রীড়া মঞ্চে পরিচিত মুখে পরিণত করেছে। ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর উপস্থিতি সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক সময়ে নোরা আবারও আলোচনায় এসেছেন মরোক্কান ফুটবলার আশরাফ হাকিমিকে ঘিরে প্রেমের গুঞ্জনের কারণে। ইউরোপীয় ফুটবলের মঞ্চে নিয়মিত যাতায়াত এবং আন্তর্জাতিক ক্রীড়াবিদদের সঙ্গে তাঁর যোগাযোগ নোরাকে শুধু বলিউড তারকা নয়, বরং বিশ্ব ক্রীড়াবিনোদনের অংশ হিসেবেও পরিচিত করে তুলেছে। সেই পরিচিতিই এবার কাজে লাগাতে চাইছে বিশ্বকাপের আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নোরার পারফরম্যান্সের পাশাপাশি প্রকাশ করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ফিল দ্য থ্রিল’। সংগীত পরিচালক অনিরুধ রবিচন্দরের কথা ও সুরে তৈরি এই গানটি গাইবেন অনিরুধ নিজেই। আয়োজকদের আশা, নোরার নাচ ও থিম সং মিলিয়ে দর্শকদের মধ্যে বিশ্বকাপের উত্তেজনা আরও কয়েক ধাপ বাড়িয়ে দেবে।










Discussion about this post