ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে আলোচনা চললেও নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতে আয়োজন না করার দাবিতে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে শনিবার রাতে বিসিবির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বিসিবি জানায়, তারা আইসিসির সঙ্গে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাবে এবং আলোচনার সময় ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ আবারও জানানো হয়েছে।
ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের এই অনাগ্রহের পেছনে সাম্প্রতিক একটি ঘটনাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। আইপিএল ২০২৬ আসরের জন্য কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআরকে এই সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে না পারলে পুরো বাংলাদেশ দলকেও সেখানে নিরাপদ ভাবা যায় না। একই পোস্টে তিনি বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের কথা উল্লেখ করেন।
আইসিসির সঙ্গে বৈঠকে কেবল ভেন্যু পরিবর্তনের বিষয়ই নয়, বাংলাদেশের গ্রুপ পুনর্বিন্যাসের সম্ভাবনাও আলোচনায় আসে বলে জানিয়েছে বিসিবি। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশকে অন্য একটি গ্রুপে নেওয়া যায় কি না, সেই বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকের পর বাংলাদেশ ও ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ অদলবদলের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ ক্রিকেট আয়ারল্যান্ডের বরাত দিয়ে জানায়, বিসিবি এই প্রস্তাব দিলেও আয়ারল্যান্ড তাদের নির্ধারিত সূচি থেকে সরে আসতে রাজি নয়। ক্রিকেট আয়ারল্যান্ড জানায়, তারা মূল সময়সূচি অনুযায়ীই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।
প্রাথমিক সূচি অনুযায়ী, বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে তাদের সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপাল। বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার এডেন গার্ডেন্সে এবং শেষ গ্রুপ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অন্যদিকে আয়ারল্যান্ডের সবকটি গ্রুপ ম্যাচই নির্ধারিত রয়েছে শ্রীলঙ্কার ভেন্যুতে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের তিনটি ম্যাচ এবং পাল্লেকেল্লেতে একটি ম্যাচ খেলার কথা রয়েছে।
বিসিবি জানিয়েছে, শনিবারের বৈঠকে আইসিসির প্রতিনিধি দলে ছিলেন ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।










Discussion about this post