ভারতীয় ক্রিকেটে আর কখনও লাল বলের মঞ্চে দেখা যাবে না লাল বলের বিরাট কোহলিকে। সময়ের স্রোতে আরেকটি অধ্যায় শেষ হলো। রোহিত শর্মার বিদায়ের রেশ কাটতে না কাটতেই টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রলি বোর্ড চেয়েছিল রোহিতের পর যেন কোহলি অন্তত ইংল্যান্ড সফর পর্যন্ত থাকেন। কোহলির অভিজ্ঞতা ছিল দলের বড় শক্তি। কিন্তু কোহলি বোর্ডের অনুরোধে সাড়া দিলেন না। আগেই জানিয়ে দিয়েছিলেন, লাল বলের ক্রিকেটে আর আগ্রহ নেই তার। আজ ঘোষণা দিয়ে সরেই গেলেন এই কিংবদন্তি!
একটি যুগের অবসান ঘটালেন তিনি। ১২৩টি টেস্ট ম্যাচ, ৯,২৩০ রান, ৩০টি শতরান, ৩১টি অর্ধশতরান। এসব সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে অগণিত স্মৃতি—অস্ট্রেলিয়ার মাটিতে লড়াই, ইংল্যান্ডে অসাধারণ পারফরম্যান্স, কিংবা দেশের মাটিতে দুর্ধর্ষ ইনিংস। কিন্তু আজ সেই গল্প থেমে গেল।
গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই ভাবছিলেন সরে যাওয়ার কথা। সেই সফরে শুরুটা ভালো হলেও ধারাবাহিকতা ছিল না। সেই ব্যর্থতার পর নিজের মনের কথাই শুনলেন কোহলি। বিদায়ী ম্যাচ পেলেন না। বিদায় জানালেন হঠাৎ করেই। কিন্তু তাঁর প্রতিটি ইনিংস, প্রতিটি উদযাপন, প্রতিটি আগ্রাসন আজীবন থেকে যাবে ক্রিকেটপ্রেমীদের মনে।
টেস্ট থেকে অবসরের পর এখন শুধু ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে খেলে যাবেন কোহলি। অঅগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন ৩৬ বছর বয়সী এই মহাতারকা।



