জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি ও বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে খেলার পর বর্তমানে তিনি অংশ নিচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। এরই ধারাবাহিকতায় এবার এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এই অলরাউন্ডার।
৩০ জুলাই থেকে জাম্বিয়ায় শুরু হওয়া এশিয়ান লিজেন্ডস লিগ চলবে ১০ আগস্ট পর্যন্ত। এই আসরে বাংলাদেশ টাইগার্সের সহ-অধিনায়ক করা হয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার অলক কাপালিকে। দলে রয়েছেন দেশের পরিচিত আরও কয়েকজন ক্রিকেটার, যার মধ্যে আছেন মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, ধীমান ঘোষ, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান ও নাজমুস সাদাত।
এবারের আসরে বাংলাদেশ টাইগার্সের পাশাপাশি অংশ নিচ্ছে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়েলস, পাকিস্তান প্যান্থারস, আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্স। ফলে টুর্নামেন্টটি জমে ওঠার আভাস মিলছে শুরু থেকেই।
শুধু বাংলাদেশ নয়, অংশগ্রহণকারী অন্য দলগুলোতেও দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখদের। পাকিস্তানের হয়ে খেলবেন শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ ও ওয়াহাব রিয়াজ। শ্রীলঙ্কান লায়ন্সে আছেন কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা। ইন্ডিয়ান রয়েলসের হয়ে মাঠে নামবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক ও হরভজন সিং। অন্যদিকে আফগানিস্তান পাঠানসের জার্সিতে দেখা যাবে হজরতউল্লাহ জাজাই ও আসগর আফগানকে।
আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত অনুপস্থিত থাকলেও সাকিবের ব্যস্ত সূচিতে বিরতির সুযোগ নেই। একের পর এক বৈশ্বিক টি-টোয়েন্টি আসরে অংশ নেওয়ার ধারাবাহিকতায় এবার বাংলাদেশ টাইগার্সকে নেতৃত্ব দিয়ে এশিয়ান লিজেন্ডস লিগেও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।









Discussion about this post