টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে বাংলাদেশকে না দেখতে পাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপের বাইরে ছিটকে গেছে বাংলাদেশ, যা নিয়ে হতাশা ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়ে ভারত নয়, শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে আইসিসি সেই প্রস্তাব গ্রহণ না করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি তাৎক্ষণিকভাবে বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে বলে মন্তব্য করেন এবং বিশ্বকাপ বয়কটের হুমকিও দেন। বিষয়টি ঘিরে টুর্নামেন্ট শুরুর আগেই তৈরি হয় অনিশ্চয়তা।
বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে-এমন গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়নি পাকিস্তান। তবে ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানো হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ক্রিকেট বিশ্বে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে গত ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। আগামী পরশু ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।
টুর্নামেন্টের আগে রেভস্পোর্টজকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গে আবেগী কণ্ঠে সালমান আলী আগা বলেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই; পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।’
ভারতের বিপক্ষে ম্যাচ খেলা হবে কি না-এ প্রশ্নে সরকারের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মনে করছেন পাকিস্তান অধিনায়ক। এ বিষয়ে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ হবে কি না সেটা অনিশ্চিত। পাকিস্তান সরকার যা বলবে আমরা সেটাই করব।’
নিজেদের দল নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী সালমান। বিশ্বকাপের আগে দলের ফর্মে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘আগের টুর্নামেন্টগুলোতে আমরা সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারিনি। এবার দলের অবস্থা ভিন্ন। সবাই ভালো করছে এবং এশিয়া কাপের পর আমাদের দল খুবই ধারাবাহিক পারফর্ম করছে। আশা করি এবার ভালো কিছুই হবে। অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে। আমি খুবই উচ্ছ্বসিত। আশা করি আমার নেতৃত্বে দল ভালো কিছুই করবে।’
এদিকে, বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’










Discussion about this post