কঠিন শাস্তিই পেতে হল লুইস সুয়ারেজকে। ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির কাঁধে কামড় দিয়ে উরুগুয়ের এই তারকা ফুটবলার ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ। একইসঙ্গে ফিফা ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে চার মাসের জন্য তাকে নিষিদ্ধ করেছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। একই সঙ্গে ১ লাখ ১১ হাজার ডলার জরিমানাও দিতে হবে এ স্ট্রাইকারকে।
তাইতো দেশে ফিরে গেছেন সুয়ারেজ। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভক্ত-সমর্থকরা তার দাঁত বের করা ছবি নিয়েই হাজির হয়েছিলেন। ছোট ছেলেমেয়েরা ছিলেন ভ্যাম্পায়ারের মতো নকল দাঁত পরে।
এদিকে কামড় দেওয়ার জন্য সুয়ারেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল স্পন্সর কোম্পানি গ্যাম্বলিং ওয়েবসাইট ৮৮৮ পোকার।
তাকে না বলতে যাচ্ছে ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসও। এখনই তাকে বিজ্ঞাপন থেকে বাদ দিয়েছে তারা।



